স্যার ফজলে হাসান আবেদকে স্মরণ ব্র্যাক ইউনিভার্সিটির
ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০ | ০৬:৩৫
প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজিকে স্মরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ১৯ ডিসেম্বর রাতে 'ইন মেমোরিয়াম স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি' শীর্ষক ভার্চুয়াল স্মরণসভার আয়োজন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি।
অর্থনৈতিক মুক্তি, উন্নয়ন অগ্রযাত্রায় স্যার ফজলে হাসানের অবদান ও জীবনের বিভিন্ন গল্প তুলে ধরেন তার বন্ধু, দীর্ঘদিনের সহচর ও গুণমুগ্ধ অনুসারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্যার ফজলের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেছেন দেশ-বিদেশের অসংখ্য মানুষ।
স্মরণসভায় স্বাগত বক্তব্যে শিক্ষা ক্ষেত্রে স্যার ফজলে হাসানের অবদান প্রসঙ্গে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, 'ব্র্যাক ইউনিভার্সিটিকে তিনি বিশ্বমানের প্রতিষ্ঠান ও সৃজনশীল জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। চেয়েছিলেন এটি দক্ষিণ এশিয়ার হাভার্ড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। স্যার ফজলের স্বপ্ন আমরা পূরণ করতে চাই।'
স্যার ফজলে হাসানের জীবন ও অর্জন নিয়ে ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন মাস্টারকার্ড ফাউন্ডেশনের সিইও রিতা রায়, ব্র্যাক ইউনিভার্সিটির জেনারেল এডুকেশন অনুষদের ডিন ড. সামিয়া হক, হাভার্ড টি.এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের সিনিয়র লেকচারার ড. রিচার্ড ক্যাশ ও ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের ভিজিটিং প্রফেসর ড. সৈয়দ মনজুরুল ইসলাম। সেখানে তারা স্যার ফজলে হাসানের অবদান তুলে ধরেন।
স্যার ফজলে হাসানের দীর্ঘদিনের বন্ধু অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান প্রফেসর রেহমান সোবহান বলেন, 'ক্ষমতায়নের মাধ্যম মানুষের ভাগ্য পরিবর্তন করতে সমর্থ হয়েছেন স্যার ফজলে। তার অসংখ্য ভালো কাজের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন।' ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, 'শিক্ষা বিস্তারকেই সবসময় প্রাধান্য দিয়েছেন স্যার ফজলে। শিক্ষার মাধ্যমই সমাজ থেকে দারিদ্র্য, অসমতা, বৈষ্ণম্য ও অহিষ্ণুতা দূর করা সম্ভব বলে তিনি বিশ্বাস করতেন।' এছাড়া স্মরণসভায় ব্র্যাক ইউনিভার্সিটি গড়ে তোলার পেছনে স্যার ফজলে হাসানের স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি ভিডিওবার্তা প্রদর্শিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
