ড. মশিউর রহমানের স্ত্রী ইভার ইন্তেকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২০ | ০৭:৪৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লিাহি...রাজিউন)।
সোমবার সকাল ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
রওশন রহমান ইভা স্বামী, এক ছেলে, এক মেয়ে, তিন ভাই ও এক বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের ঐতিহ্যবাহী মোল্ল্যা পরিবারে জন্মগ্রহণ করেন। মঙ্গলবার বাদ জোহর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
সম্প্রতি ড. মশিউর রহমান ও ইভা রহমান করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে দু'জনে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ড. মশিউর রহমান সুস্থ হয়ে উঠলেও তার স্ত্রী ফুসফুসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।
রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত কুমার অধিকারী, খুলনা নগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়রুল ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু ও সাংবাদিক ফসিহ উদ্দীন মাহতাব প্রমুখ।
- বিষয় :
- ড. মসিউর রহমান
- রওশন রহমান ইভা