শমী কায়সারের বিরুদ্ধে মানহানি মামলায় অধিকতর তদন্ত হবে
শমী কায়সার (ফাইল ছবি)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৫:১৭
চুরি সন্দেহে সাংবাদিকদের আটকে রাখার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলায় অধিকতর তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে বাদীর নারাজি আবেদনের ওপর শুনানি করে এ আদেশ দেওয়া হয়।
বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ বিষয়ে অধিকতর তদন্তের দায়িত্ব দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান গত ২৪ অক্টোবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে বলা হয়, তদন্তে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি।
সেই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী নুজহাতুল হাসান।
গত ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের একটি মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন শমী কায়সার।
বক্তব্য শেষে কেক কাটার পর তার দুটি স্মার্টফোন আর পাওয়া যায়নি বলে জানান তিনি।
এরপর মিলনায়তনের মূল দরজা বন্ধ করে একাধিক সাংবাদিকের ব্যাগ তল্লাশি করেন শমী কায়সারের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।
ঘটনার প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন সংবাদকর্মী অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
তখন শমী কায়সার সাংবাদিকদের ‘চোর’ সম্বোধন করেছিলেন বলে মামলায় অভিযোগ করেন স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান।
এ মানহানি মামলায় তিনি ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।
- বিষয় :
- শমী কায়সার
- চুরি
- সাংবাদিক
- মানহানি মামলা