ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতিঝিল আইডিয়াল স্কুলের প্রশ্নপত্রে আবরার প্রসঙ্গ

মতিঝিল আইডিয়াল স্কুলের প্রশ্নপত্রে আবরার প্রসঙ্গ
×

আবরার ফাহাদ -ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৬:২২

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের প্রসঙ্গ এসেছে। ইংরেজি বিষয়ের পরীক্ষায় আবারারের ওপর একটি প্যাসেজ রাখা হয়।

প্যাসেজে বলা হয়েছে, ১৯৯৯ সালে কুষ্টিয়ার রায়ডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন আবরার ফাহাদ। তার বাবার নাম বরকতুল্লাহ এবং মাতা রোকেয়া খাতুন। তার ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন। ছাত্র হিসেবেও ছিলেন খুব মেধাবী এবং বুদ্ধিমান। তিনি এসএসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। নিজের স্বপ্ন পূরণের জন্য বুয়েটে ভর্তি হন আবরার। তিনি বিশ্ববিদ্যালয়টির শেরেবাংলা হলে থাকতেন। ২০১৯ সালের ৭ অক্টোবর তিনি অপ্রত্যাশিতভাবে হত্যাকাণ্ডের শিকার হন। শৈশব থেকেই আবরার ফাহাদ নম্র-ভদ্র ও ধর্মীয় জীবনযাপন করতেন।

প্রশ্নপত্রে এ বিষয়টি রাখার কারণ জানতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগমের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে শিক্ষার্থীদের দাবির মুখে ১১ অক্টোবর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। এ ঘটনায় বুয়েটের ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদ বহিষ্কার করা হয়।

আরও পড়ুন

×