ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রশাসনের স্বেচ্ছাচারিতা, শাবিতে রং-তুলির আঁচড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রশাসনের স্বেচ্ছাচারিতা, শাবিতে রং-তুলির আঁচড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ
×

প্রশাসনের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে শাবিতে রং-তুলির আঁচড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ- সমকাল

শাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৮:৪০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের দাবিতে এবং প্রশাসনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে রোড পেইন্টিং এবং গান গেয়ে প্রতিবাদ জানান তারা।

এদিন সন্ধ্যা ৬টা থেকে গোলচত্বরে একত্রিত হয়েছিলেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ৬টার দিকে তারা গোলচত্বরে রোড পেইন্টিংয়ের কাজ শুরু করেন। তাদের রং-তুলির আঁচড়ে একটা আদর্শ বিশ্ববিদ্যালয়ের চিত্র উঠে আসে। এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদ স্বরূপ বিভিন্ন গান গাইতে থাকেন।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থী ফয়সাল আহমেদ শুভ বলেন, শিক্ষার্থীদের জন্য যে নিয়মগুলো তৈরি করে প্রশাসন, তার মধ্যে অনেক নিয়মই শিক্ষার্থীবান্ধব নয়। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। ক্যাম্পাসে সর্বাত্মক গণতান্ত্রিক অধিকার চাই।

শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক সোমাইয়া আলম চৌধুরী বলেন, প্রশাসন সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষার্থীদের ওপর বিভিন্ন অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে আসছে। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসের দাবিতে আমাদের এই প্রতিবাদ।

এ বিষয়ে শাবি উপাচার্য এবং প্রক্টরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে গেলে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

×