বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে এবারও বিদ্যুৎ বিভাগ প্রথম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০০:০২ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০৪:১১
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) সার্বিক মূল্যায়নে এবারও প্রথম হয়েছে বিদ্যুৎ বিভাগ। ২০১৮-১৯ অর্থবছরে ৫১টি মন্ত্রণালয়ের মধ্যে বিদ্যুৎ বিভাগ এ সাফল্য অর্জন করেছে।
এপিএ’তে বিদ্যুৎ বিভাগের অর্জিত নাম্বার ৯৬ দশমিক ৪৬। গত বছরও সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম হয়েছিল বিদ্যুৎ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
এপিএ মূলত সরকারের প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের সচিবের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা দলিল।
সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রবর্তন করা হয়েছে।
২০১৮-১৯ অর্থবছরে বিদ্যুৎ বিভাগ ৫৭টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে শতভাগ অর্জন করেছে, তবে অন্য ৪টিতে কোনো অর্জন নেই।
এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এই সাফল্যের মূলমন্ত্র হচ্ছে প্রধানমন্ত্রীর সফল নেতৃত্ব এবং বিদ্যুৎ বিভাগের দলগত প্রচেষ্টা। বাংলাদেশ মানুষের ঘরে ঘরে বিদ্যুং পৌঁছে দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে চলছি।