পটিয়ার চার গ্রামে ভূগর্ভস্থ পানি তোলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০১:৩৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০১:৩৭
পানি সংকট নিরসন না হওয়া পর্যন্ত চট্টগ্রামের পটিয়ার চরকানাই, হুলাইন,পাঁচুড়িয়া ও হাবিলাসদ্বীপ নামের চার গ্রামে ভূগর্ভস্থ পানি তোলায় নিষেধাজ্ঞা দিয়ে অব্যাহতভাবে সুপেয় পানি সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। খবর ইউএনবির
রায়ে পানি আইনের অধীনে ওই চারটি গ্রামকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হবে কি না তা তিন মাসের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।
অ্যাডভোকেট রিজওয়ানা হাসান বলেন, পটিয়ার ওই চার গ্রাম থেকে শিল্প কারখানা কর্তৃক ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে বসবাসকারী ৩০ হাজার মানুষ পানি পাচ্ছিল না। গ্রামগুলোর প্রায় তিনশ টিউবয়েল বিকল হয়ে গিয়েছিল।