ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

খালেদার মামলায় আদালত যথার্থ রায় দিয়েছেন: আইনমন্ত্রী

খালেদার মামলায় আদালত যথার্থ রায় দিয়েছেন: আইনমন্ত্রী
×

আইনমন্ত্রী -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ০৯:০০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলায় আদালত যথার্থ রায় দিয়েছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বৃহস্পতিবার আদেশের পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আপিল বিভাগ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছেন এবং তারা তাদের বিবেচনায় দেখেছেন যে, খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই করা যায়। সে জন্যই আপিল বিভাগ জামিনের আবেদন নাকচ করে যথার্থ রায় দিয়েছেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, জামিনের আবেদন নাকচের বিষয়ে আপিল বিভাগের ছয়জন বিচারপতিই সিদ্ধান্ত দিয়েছেন। আপিল বিভাগের অবজারভেশন যেটা হয়েছে তার আলোকে খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কিছু করণীয় থাকলে তারা নিশ্চয়ই তা করবে।

আদালতে যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছে তা ভুলভাবে উপস্থাপন করা হবে?'- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন মন্তব্যের বিষয়ে আনিসুল হক বলেন, 'তাদের পছন্দমত রিপোর্ট যেটি হবে না, সেটাই ভুল হবে। তাদের পছন্দমত যদি অন্যায় কিছু হয়, সেটা সঠিক। যে কাগজপত্র আছে সেটা দেখিয়ে উচ্চ আদালত নিশ্চয়ই সিদ্ধান্ত দিয়েছেন। আমি আইনের শাসনে বিশ্বাস করি। তাই সর্বোচ্চ আদালত যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমাকে মেনে নিতে হবে।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ পর্যবেক্ষণসহ এই আদেশ দেন।

আরও পড়ুন

×