বড়দিন ও থার্টিফার্স্টে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়
সচিবালয়ে বৃহস্পতিবার 'আসন্ন বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত' সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান- পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১০:২৩ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১০:০৫
ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর থার্টিফার্স্ট নাইটে ও বড়দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার সচিবালয়ে 'আসন্ন বড়দিন ও থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা সংক্রান্ত' সভা শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় সারাদেশে কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হবে। কেউ বৈধ অস্ত্রও ব্যবহার করতে পারবেন না। আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায় যাতে বড়দিনের উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার আগে মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলবে।
তিনি জানান, খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন নির্বিঘ্নে উদযাপনে রাজধানী ঢাকা ও দক্ষিণাঞ্চলসহ সারাদেশে সাড়ে তিন হাজার গির্জায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। আগের দিন ২৪ ডিসেম্বর সকাল থেকে ২৫ ডিসেম্বর রাত পর্যন্ত কাকরাইল, মিরপুর, বনানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গির্জায় থাকবে কঠোর নজরদারি। প্রতিটি গির্জার প্রবেশপথে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ে বসানো হবে। সব গির্জা ও এর আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা বসানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টিফার্স্ট নাইট ঘিরে কোনো প্রকার উচ্ছৃঙ্খল পরিস্থিতি কেউ যাতে সৃষ্টি করতে না পারে, সে জন্য দেশজুড়ে কঠোর নিরাপত্তা থাকবে। থার্টিফার্স্ট নাইটের কারণে ওই দিন সন্ধ্যা থেকে সব বার পরের দিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট এবং গান-বাজনা করা যাবে না। পটকা কিংবা আতশবাজি ফুটানোর বিষয়ে নিষেধাজ্ঞা থাকবে। এমনকি ব্যক্তিগত পর্যায়ে কেউ বৈধ ও অবৈধ অস্ত্র বহন করতে পারবেন না। ৩০ ডিসেম্বর বিকেল ৪টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।
তিনি জানান, ৩১ ডিসেম্বর রাত ৮টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার থাকা গাড়িগুলো ভেতরে প্রবেশ করতে পারবে। বড়দিন উপলক্ষে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কূটনৈতিক এলাকায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে।
এছাড়া বড়দিন উপলক্ষে কোনো নাশকতার আশঙ্কা নেই বলেও এ সময় উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলামসহ খ্রিষ্টান ধর্মীয় নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।