বিএসএমএমইউর প্রতিবেদন
চার ধরনের রোগে ভুগছেন বিএনপি নেত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০১৯ | ১৩:৫০
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া চার ধরনের রোগে ভুগছেন বলে আপিল বিভাগে দাখিল
করা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রতিবেদনে
উঠে এসেছে। আপিল বিভাগের নির্দেশে গত ১১ ডিসেম্বর খালেদা জিয়ার
স্বাস্থ্য-সংক্রান্ত এই প্রতিবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল
(জেলা জজ) মো. আলী আকবরের কাছে দাখিল করা হয়। গতকাল বৃহস্পতিবার তিনি ওই
প্রতিবেদনটি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের
বেঞ্চে জমা দেন।
বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. কনক কান্তি বড়ূয়া স্বাক্ষরিত দুই
পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, আপিল বিভাগের নির্দেশে বিএসএমএমইউর সাত
সদস্যের মেডিকেল বোর্ড গত ১০ ডিসেম্বর দুপুর দেড়টায় বৈঠক করেছে। বৈঠকে
খালেদা জিয়ার স্বাস্থ্যগত বর্তমান পরীক্ষা-নিরীক্ষা ও পূর্ববর্তী
পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, ডায়াবেটিস,
উচ্চ রক্তচাপ (ব্লাডপ্রেশার), কফজনিত শ্বাসকষ্ট (কফ ভেরিয়েন্ট অ্যাজমা),
প্রতিস্থাপনজনিত হাঁটুতে ব্যথায় (অস্টিও-আর্থ্রাইটিস নামে পরিচিত) ভুগছেন।
তবে এর মধ্যে ব্লাডপ্রেশার ও অ্যাজমা বর্তমানে নিয়ন্ত্রণে (ওয়েল কনট্রোলড)
রয়েছে। ডায়াবেটিস পুনরায় নিয়ন্ত্রণের প্রয়োজন। তবে আর্থ্রাইটিসের কারণে
খালেদা জিয়া বেশি অসুস্থতায় ভুগছেন। কারণ তার গেঁটে বাতজানিত সমস্যা জটিল
পর্যায়ে রয়েছে; ক্রমেই এর অবনতি হচ্ছে। এর নিরাময়যোগ্য চিকিৎসা এখনও
আবিস্কার হয়নি। এই রোগটি নিয়ন্ত্রণে রাখার জন্য যে চিকিৎসা চালু আছে, গত
কয়েক দশকে তার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে খালেদা জিয়ার গেঁটে বাতের
জন্য প্রচলিত চিকিৎসা আর কাজ করছে না। যে কারণে সর্বশেষ আন্তর্জাতিক মানের
এক ধরনের বায়োলজিক্যাল থেরাপি দেওয়ার সুপারিশ করা হচ্ছে। এ বিষয়ে মেডিকেল
বোর্ড তার কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পায়নি। ফলে তার চিকিৎসা শুরু করা
সম্ভব হচ্ছে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডান পায়ের ত্বকের নিচে এক ধরনের ছোট নডিউল আছে।
এর জন্যও মেডিকেল বোর্ড একটি উন্নতমানের চিকিৎসার সুপারিশ করেছে; এ
ক্ষেত্রেও খালেদা জিয়ার সম্মতি না থাকায় তাকে চিকিৎসা দেওয়া যাচ্ছে না। এ
ছাড়া ৩ ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো
হয়। খালেদা জিয়াও চান মাঝে মাঝে এমন পরীক্ষা করানো হোক। তবে তার
ক্ষুধামন্দার সমস্যা বেড়ে যাওয়ায় মেডিকেল বোর্ড তার জিআই অ্যান্ডোস্কপি
করার পরামর্শ দিচ্ছে। এসব সমস্যার পরিপ্রেক্ষিতে যেসব ওষুধ প্রয়োগ করা
প্রয়োজন, তার জন্য খালেদা জিয়ার সম্মতির জন্য অধীর অপেক্ষায় আছে।
প্রতিবেদনে চারটি বিষয়ে পরীক্ষা-নিরীক্ষারও সুপারিশ করা হয়েছে। মেডিকেল
বোর্ডের সদস্যরা হলেন- ডা. শামীম আহমেদ, ডা. বদরুননেছা আহমেদ, ডা. তানজীমা
পারভীন, ডা. চৌধুরী ইকবাল মাহমুদ, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা.
মো. জিলান মিয়া সরকার ও অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন।
- বিষয় :
- খালেদা জিয়া
