ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আপিলে বৈধতা পেলো জাপার বাবলুর মনোনয়নপত্র

আপিলে বৈধতা পেলো জাপার বাবলুর মনোনয়নপত্র
×

জিয়াউদ্দিন আহমেদ বাবলু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৮

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা গত ১৫ ডিসেম্বর জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন বাতিল করেন। রিলায়েন্স ফাইন্যান্সিয়াল লিমিটেড নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে বাবলুর পরিচিত এক ব্যক্তি ঋণ নিয়ে খেলাপি হন। ওই ঋণের গ্যারান্টার ছিলেন তিনি। নির্বাচনী নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ আগে খেলাপি ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু ওই ব্যক্তি ঋণ পরিশোধ করেছেন বাবলুর মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে। ফলে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন বাবলু।

চট্টগ্রাম-৮ আসনের (চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এবং সিটি করপোরেশনের চান্দগাঁও থানা ও পাঁচলাইশ-বায়েজিদের একাংশ) উপ-নির্বাচন আগামী ১৩ জানুয়ারি। আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

গত ৭ নভেম্বর জাসদের একাংশের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এবং বিএনপির প্রার্থী আবু সুফিয়ান।

আরও পড়ুন

×