পুলিশের ওপর হামলার পরিকল্পনা ছিল এবিটির
র্যাবের হাতে গ্রেপ্তাররা -সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৭
আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্যরা চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে র্যাব।
এবিটির চার সদস্যকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার রাতে রাজধানীর শাহআলীর রাইনখোলা থেকে এ চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- মোহাম্মদ আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী, মেহেদী হাসান শাকিল ওরফে বাবু, আব্দুল আল মামুন ওরফে আসাদুল্লাহ হিল গালিব ও নাজমুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব-৪-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার হওয়া চার জঙ্গির মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষা করে জানা যায়, পুলিশের ওপর তাদের হামলার পরিকল্পনা ছিল। পেছন থেকে চাপাতি দিয়ে আক্রমণ করতে চেয়েছিল তারা। জঙ্গি সদস্যরা ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের পাশাপাশি অনলাইনে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার চারজন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপক্ষে। এ ব্যবস্থা অবৈধ আখ্যায়িত করে তারা তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গিবাদ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই কর্যক্রমকে যারা প্রতিহত করার চেষ্টা করে বা তাদের কাজে বিরোধ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করাই তাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার চারজনের মধ্যে আরিফুল করিম চৌধুরীর বাড়ি চাঁদপুর জেলায়। সে কম্পিউটার সায়েন্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করে একটি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিল। বর্তমানে অনলাইনে কম্পিউটার সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের ব্যবসা করছে। সে হরকাতুল জিহাদের (হুজি) সক্রিয় সদস্য ছিল। ২০১৫ সালে একবার গ্রেপ্তার হয়। জেলে যাওয়ার পর ব্যাংক থেকে চাকরিচ্যুত হয়। পরবর্তী সময়ে এবিটিতে যোগ দেয়।
মেহেদী হাসান শাকিলের বাড়ি নোয়াখালী জেলায়। দুই বছর আগে এবিটিতে যুক্ত হয়। এরপর থেকেই সে ছদ্মনামে আইডি খুলে অনলাইনে জঙ্গিবাদ কার্যক্রম চালিয়ে আসছিল। আব্দুল আল মামুনের বাড়ি চাঁদপুরে। সে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। দুই বছর আগে সে কুমিল্লা অঞ্চলের শীর্ষস্থানীয় জঙ্গি আব্বাস উদ্দিনের মাধ্যমে জঙ্গিবাদে নাম লেখায়। নাজমুল হাসানের বাড়ি মাগুরায়। সে একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করে। তিন বছর ধরে এবিটির সঙ্গে জড়িত।
- বিষয় :
- আনসারুল্লাহ বাংলা টিম
- এবিটি
- র্যাব
