সমাপনীতে বহিষ্কৃত শিশুদের পরীক্ষা ২৪ ডিসেম্বর শুরু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ১০:৩৯
এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় বহিষ্কৃত শিশুদের বাকি পরীক্ষাগুলো আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর নেওয়া হবে। উচ্চ আদালতের নির্দেশে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। এই শিশুদের জন্য নতুন পরীক্ষাসূচি ঘোষণা করে সব জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের (ডিপিও) জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন এই সূচি অনুসারে আগামী ২৪ ডিসেম্বর সকালে তাদের ইংরেজি, বিকেলে প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকেলে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
আর ইবতেদায়ি সমাপনীতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকেলে আরবি, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকেলে বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকেলে কুরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
গত ১৭ থেকে ২৪ নভেম্বর এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যারা আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।
