পাটকল শ্রমিকদের অনশন: প্রচণ্ড শীতে অসুস্থ অনেকে, বাড়ছে ক্ষোভ
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের অনশনরত শ্রমিকদের ক্ষোভ বাড়ছে- সমকাল
খুলনা ও রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯ | ১০:৪০
খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের অনশনরত শ্রমিকদের ক্ষোভ বাড়ছে। প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়ছেন তারা। মঙ্গলবার পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাজশাহীর পাটকল শ্রমিকরাও শৈত্যপ্রবাহের মধ্যে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
শ্রমিকরা জানান, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে গত রোববার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তারা। নগরীর খালিশপুরে বিআইডিসি সড়কে ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর ও স্টার জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। অন্য চারটি পাটকলের শ্রমিকরা তাদের নিজ নিজ মিলের সামনে এ কর্মসূচি পালন করছেন। তারা জানান, প্রচণ্ড শীত উপেক্ষা করে ওপরে সামিয়ানা টানিয়ে সড়কের ওপরেই রাত কাটাচ্ছেন তারা। গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অনশনরত আটজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে প্লাটিনাম জুট মিলের শ্রমিক মো. আবু ও মো. শাহ আলমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে অনশনস্থলে স্যালাইন দেওয়া হচ্ছে।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে অনশন কর্মসূচির সঙ্গে রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।
এদিকে, শ্রমিকদের আন্দোলনের কারণে পাটকলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে। খালিশপুর শিল্পাঞ্চলের বিআইডিসি সড়কের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী মো. বনিজ উদ্দিন মিঞা সমকালকে বলেন, শ্রমিকদের আন্দোলনের বিষয়টি প্রধান কার্যালয়কে অবহিত করা হয়েছে। মজুরি কমিশন বাস্তবায়ন হবে কিনা বা কবে থেকে বাস্তবায়ন হবে তা প্রধান কার্যালয়ের কর্মকর্তারা বলতে পারবেন।
এদিকে রাজশাহীতেও প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে রাত জেগে আন্দোলন করছেন পাটকল শ্রমিকরা। আন্দোলন করতে গিয়ে আবুল হোসেন ও এমরান আলী নামে দুই শ্রমিক অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ্রমিকরা জানান, শৈতপ্রবাহের মধ্যেও শ্রমিকরা রোববার রাত থেকে অবস্থান করছেন রাজশাহী পাটকলের প্রধান ফটকে। শ্রমিক নেতা জিল্লুর রহমান বলেন, দাবি না মানা পর্যন্ত তারা অনশন করে যাবেন। প্রয়োজনে আন্দোলন করে জীবন দিতেও প্রস্তুত রয়েছেন।
- বিষয় :
- পাটকল শ্রমিকদের অনশন
- খুলনা
- রাজশাহী
