ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম

এনবিআরের নতুন চেয়ারম্যান রহমাতুল মুনিম
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৯:৫২

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে এ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ৫ জানুয়ারি মুনিমের অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রহমাতুল মুনিম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্বে থাকা মোশাররফ হোসেন ভূঁইয়ার চাকরির মেয়াদ ২ জানুয়ারি শেষ হবে। মোশাররফের স্থলাভিষিক্ত হবেন তিনি।

২০১৮ সালের ১১ এপ্রিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব পদে নিয়োগ পান মুনিম। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের (সচিব) দায়িত্বে ছিলেন। ২০১৭ সালের ১০ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। গত ১৬ সেপ্টেম্বর তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মুনিম নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন তিনি। জনপ্রশাসন, স্বরাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্বেও ছিলেন তিনি।

সিরাজগঞ্জ সদর উপজেলায় ১৯৬১ সালের ৬ জানুয়ারি জন্ম নেওয়া মুনিমের স্ত্রী লায়লা জেসমিন অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত।

আরও পড়ুন

×