ক্যাম্পাস সংবাদ
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৩:৩১
জবিতে গবেষণা পুরস্কার পেলেন চার শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ভাইস চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০২৩-২০২৪ সেশনের জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদ থেকে চারজন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর, বিজনেস স্টাডিজ অনুষদের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. হাছিনা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অ্যাওয়ার্ড প্রবর্তন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
স্যার এ এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিজান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী সিজান চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতায় রানারআপ হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. তোফায়েল আহাম্মেদ।
রোববার ঢাবির উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. কাজী মাহফুজুল হক সুপণের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক,
হল সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
