জেনে নিন কী কী সুবিধা
জার্মানিতে ৪ বৃত্তি
তারিক হাসান
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১১:১৯
জার্মান বিশ্ববিদ্যালয়গুলো তাদের উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। জার্মানির শক্তিশালী অর্থনীতি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সংযোগ শিক্ষার্থীদের জন্য চমৎকার ক্যারিয়ারের সুযোগ তৈরি করে।
বিভিন্ন ধরনের কোর্স: প্রকৌশল, বিজ্ঞান, ব্যবসা, মানবিকসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ আছে। এখানে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের তথ্য দেওয়া হলো–
ইএমএমআইআর আফ্রিকান-ইউরোপিয়ান স্কলারশিপ
ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামের এই স্কলারশিপটি মূলত ইউরোপিয়ান-আফ্রিকান অভিবাসী এবং আন্তঃসাংস্কৃতিক সম্পর্কের ওপর মাস্টার্স করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য। এটি আফ্রিকার তিনটি এবং জার্মানির একটিসহ মোট চারটি ইউরোপীয় সংস্থা দ্বারা পরিচালিত হয়। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি, মাসিক ভাতা এবং ভ্রমণ ব্যয় দেওয়া হয়।
আবেদনের লিংক: https://www.emmir.org/applications
ইউনিভার্সিটি অব স্টুটগার্ট স্কলারশিপ
জার্মানিতে পড়তে আগ্রহী অনগ্রসর দেশের শিক্ষার্থীদের জন্য স্টুটগার্ট বিশ্ববিদ্যালয় দুটি মাস্টার্স প্রোগ্রাম অফার করে: ‘ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিং’ এবং ‘ইন্টিগ্রেটেড আরবান প্ল্যানিং অ্যান্ড সাসটেইনেবল ডিজাইন’। এই প্রোগ্রামগুলোর জন্য সম্পূর্ণ অর্থায়নের (ফুল ফান্ডেড) স্কলারশিপ দেওয়া হয়। প্রতি মাসে ৭৫০ ইউরো পাওয়ার পাশাপাশি প্রোগ্রাম চলাকালীন রাউন্ডট্রিপ পরিবহন খরচ, গবেষণা বৃত্তি, আবাসন ও স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়া হয়। তবে, এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে প্রাসঙ্গিক বৈজ্ঞানিক ও পেশাদার অভিজ্ঞতার পাশাপাশি নতুন জ্ঞান এবং দক্ষতা প্রয়োগের সক্ষমতা থাকতে হবে।
আবেদনের লিংক: https://www.uni-stuttgart.de/en/study/living-in-stuttgart/finances/
হেনরিক বোল ফাউন্ডেশন স্কলারশিপ
জার্মানির হেনরিক বোল ফাউন্ডেশন প্রতি বছর প্রায় এক হাজার স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করে। যে কোনো দেশের এবং যে কোনো সংস্কৃতির শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে অধ্যয়নের জন্য এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। সাধারণ বিশ্ববিদ্যালয়, ফলিত বিজ্ঞানবিষয়ক বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই স্কলারশিপের যোগ্য হিসেবে বিবেচিত হন।
আবেদনের লিংক: https://www.boell.de/en/scholarships
কেএএডি জার্মানি রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম
এই স্কলারশিপটি মূলত অনুন্নত দেশ বা ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের স্নাতক এবং শিক্ষকদের জন্য দেওয়া হয়। যারা স্নাতকোত্তর, ডক্টরাল প্রোগ্রাম বা গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে আগ্রহী, এই স্কলারশিপ তাদের জন্য বাড়তি সুবিধা দিতে পারে। কেএএডি স্কলারশিপে রিটার্ন ফ্লাইট, ভিসা, একাডেমিক টিউশন, ব্যক্তিগত খরচ এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত থাকে।
আবেদনের লিংক: https://www.kaad.de/en/stipendien/stipendienprogramm-1versity/
- বিষয় :
- জার্মানি
