ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়: ফিফা ওয়ার্ল্ডকাপ ফেস্টিভ্যাল

গণ বিশ্ববিদ্যালয়: ফিফা ওয়ার্ল্ডকাপ ফেস্টিভ্যাল
×

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারাও এ উৎসবে মেতেছেন

মো. মাহিদুজ্জামান সিয়াম

প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১০:৫৬ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১০:৫৭

আকাশজুড়ে উড়ছে ৪৮ দেশের পতাকা। কারও গায়ে আর্জেন্টিনার জার্সি, কারও হাতে ব্রাজিলের পতাকা। কোথাও মেসি না নেইমার বিতর্ক, কোথাও আবার চলেছে বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে উত্তপ্ত বিশ্লেষণ। ক্লাসরুমের পাঠ শেষ হতেই দল বেঁধে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। চায়ের কাপের ধোঁয়ার সঙ্গে মিশে যাচ্ছে ফুটবল উন্মাদনার গল্প। দেখে মনে হবে না এটি কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস; বরং যেন বিশ্বকাপের রঙে সাজানো ক্ষুদ্র এক বিশ্বগ্রাম। ফুটবলের সর্ববৃহৎ আসর ফিফা বিশ্বকাপ ঘিরে এমনই উৎসবমুখর রূপ নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

বিশ্বকাপকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা রূপ যেন পাল্টে গেছে। পাঠ্যবইয়ের আলোচনা ছাপিয়ে শিক্ষার্থীদের মুখে মুখে এখন ফুটবলের গল্প। ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবনের করিডোর, কেন্দ্রীয় মাঠ কিংবা শিক্ষার্থীদের আড্ডাস্থল সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপ। কে জিতবে ট্রফি, কোন দলের কৌশল সবচেয়ে কার্যকর, কোন তরুণ তারকা আলো ছড়াবেন বিশ্বমঞ্চে কিংবা কোন কিংবদন্তি লিখবেন নতুন ইতিহাস, এমন নানা প্রশ্নে মুখর পুরো ক্যাম্পাস।

ফুটবলের এই মহোৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘ফিফা ওয়ার্ল্ডকাপ ফেস্টিভ্যাল ২০২৬’। ক্যাম্পাসজুড়ে টানানো হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা। বাংলাদেশের লাল-সবুজের পাশাপাশি উড়ছে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগালসহ বিশ্বের নানা দেশের জাতীয় পতাকা। রঙিন ব্যানার, ফেস্টুন এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যেন রূপ নিয়েছে এক বৈশ্বিক সাংস্কৃতিক মিলনমেলায়। দিনভর ক্যাম্পাসে দেখা যায় ভিন্ন এক চিত্র। একদল শিক্ষার্থী প্রিয় দলের জার্সি পরে ছবি তুলছেন, কেউ সামাজিক মাধ্যমে সমর্থনের বার্তা দিচ্ছেন, কেউবা বন্ধুদের সঙ্গে তর্কে ব্যস্ত। তবে এসব তর্কে নেই কোনো বিভাজন; বরং রয়েছে  ফুটবল যেন এখানে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি করে তৈরি করছে সম্পর্কের সেতুবন্ধন। গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা প্রথমবারের মতো ক্যাম্পাসে অংশগ্রহণকারী ৪৮টি দেশের পতাকা প্রদর্শনের উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে বিশ্বকাপের 
আবহ ছড়িয়ে দিতে এবং তাদের সম্পৃক্ততা বাড়াতেই এই আয়োজন। 

শুধু পতাকা প্রদর্শনী নয়, উৎসবকে ঘিরে আয়োজন করা হয়েছে ড্রিবলিং প্রতিযোগিতা, পেনাল্টি কিক চ্যালেঞ্জ, জার্সি প্রদর্শনীসহ বিভিন্ন আনন্দঘন কর্মসূচি। এসব আয়োজনে অংশ নিয়ে শিক্ষার্থীরা যেন নতুন করে খুঁজে পাচ্ছেন তারুণ্যের প্রাণশক্তি।

আরও পড়ুন

×