ক্যাম্পাস সংবাদ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিদায় উৎসবে শিক্ষার্থীরা
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১০:৫১ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১০:৫১
বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়। বিইউএফটি ২২২-এর ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অতিথি এবং শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রং উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি ছিলেন ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিরা। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান। আয়োজনের কনভেনার ছিলেন ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক মো. আব্দুল জলিল ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় বিজয়ী জবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় পুরুষ এককে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
গত রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এতে পুরুষ এককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, পুরুষ দ্বৈতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে রানার-আপ হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। নারী এককে কোয়ার্টার ফাইনাল ও নারী দ্বৈতে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শারীরিক প্রশিক্ষক পুষ্পেন সরকার বলেন, আমাদের দলের সবাই অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাগ্রতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়। তাদের এই নিবেদনই আমাদের সাফল্যের অন্যতম ভিত্তি।
