ইন্টার্নশিপ খুঁজে বের করার উপায়
ছবিটি জেমিনি এআই দিয়ে তৈরি
মহসিন আল জাবেদ
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১১:০১ | আপডেট: ২৯ জুন ২০২৬ | ১১:০১
আজকের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ভালো ফলাফল করলেই কাঙ্ক্ষিত চাকরি পাওয়া যায় না। একাডেমিক যোগ্যতার পাশাপাশি প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং কর্মক্ষেত্র সম্পর্কে বাস্তব ধারণা। এই কারণেই বর্তমানে ইন্টার্নশিপ শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে।
একসময় শুধু ব্যবহারিক বা পেশাভিত্তিক বিষয়ে, যেমন চিকিৎসাবিজ্ঞান, আইন বা প্রকৌশলে স্নাতক সম্পন্ন করার পর ইন্টার্নশিপ বাধ্যতামূলক ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রায় সব বিষয়ে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ এখন একটি গুরুত্বপূর্ণ ধাপ। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান নতুন নিয়োগের ক্ষেত্রে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়, যাদের বাস্তব কাজের অভিজ্ঞতা রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ইন্টার্নশিপের প্রস্তুতি নেওয়া অত্যন্ত প্রয়োজন।
ইন্টার্নশিপ কেন গুরুত্বপূর্ণ
ইন্টার্নশিপ হলো শিক্ষা ও কর্মজীবনের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে এবং শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পায়। পাশাপাশি সময় ব্যবস্থাপনা, দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান, পেশাগত যোগাযোগ, নেতৃত্ব এবং দায়িত্বশীলতার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে ওঠে। অনেক প্রতিষ্ঠান তাদের ভবিষ্যৎ কর্মী নির্বাচনও ইন্টার্নশিপের মাধ্যমে করে থাকে। ফলে একটি সফল ইন্টার্নশিপ ভবিষ্যতের স্থায়ী চাকরির সম্ভাবনাও অনেকাংশে বাড়িয়ে দেয়।
মানসম্মত সিভি তৈরির গুরুত্ব
বিশ্ববিদ্যালয় জীবনে অনেক শিক্ষার্থী সিভি বা জীবনবৃত্তান্ত তৈরির বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না। অথচ ইন্টার্নশিপ কিংবা চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে সিভিই একজন প্রার্থীর প্রথম পরিচয় বহন করে। একটি পরিচ্ছন্ন, তথ্যসমৃদ্ধ ও পেশাদার সিভি নিয়োগদাতার কাছে ইতিবাচক ধারণা তৈরি করে।
সিভিতে অবশ্যই ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় দক্ষতা, ভাষাজ্ঞান, কম্পিউটার দক্ষতা, প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, গবেষণা, প্রকল্প, প্রতিযোগিতা, ক্লাব কার্যক্রম এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা যুক্ত করা উচিত। কভার লেটার সংক্ষিপ্ত, স্পষ্ট এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য উপযোগী হওয়া প্রয়োজন। সেখানে উল্লেখ করতে হবে কেন আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত এবং কীভাবে আপনার দক্ষতা প্রতিষ্ঠানের কাজে মূল্য সংযোজন করতে পারে। সাধারণভাবে সিভি দুই পৃষ্ঠার বেশি না হওয়াই ভালো।
যেখানে পাওয়া যাবে ইন্টার্নশিপের সুযোগ
বর্তমানে ইন্টার্নশিপ খুঁজে পাওয়ার অনেক মাধ্যম রয়েছে। বিভিন্ন চাকরির ওয়েবসাইট ও অ্যাপে ইন্টার্নশিপের জন্য আলাদা বিভাগ থাকে, যেখানে নিয়মিত নতুন সুযোগ প্রকাশ করা হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ক্যারিয়ার বা Career বিভাগেও ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সব প্রতিষ্ঠান অবশ্য প্রকাশ্যে ইন্টার্ন নিয়োগের বিজ্ঞাপন দেয় না। তাই আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে ই-মেইল পাঠিয়ে ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি লিংকডইন, ফেসবুকসহ বিভিন্ন পেশাদার সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত থাকলে নতুন সুযোগ সম্পর্কে দ্রুত জানা যায়। বিভিন্ন জব ফেয়ার, ক্যারিয়ার এক্সপো, বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস অফিস এবং শিক্ষক বা অ্যালামনাইদের মাধ্যমেও ইন্টার্নশিপের তথ্য পাওয়া সম্ভব।
কার্যকর ইন্টার্নশিপ খুঁজে পাওয়ার কৌশল
সঠিক ইন্টার্নশিপ নির্বাচন করার আগে আগ্রহ, দক্ষতা এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করা। কোন খাতে কাজ করতে চান, ভবিষ্যতে কোন পেশায় নিজেকে দেখতে চান এবং কোন দক্ষতাগুলো আরও উন্নত করতে হবে– এসব বিষয় পরিষ্কার ধারণা থাকা জরুরি।
এরপর বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে গবেষণা করতে হবে। প্রতিষ্ঠানটি কী ধরনের কাজ করে, তাদের ইন্টার্নশিপ প্রোগ্রামের কাঠামো কী, সেখানে শেখার সুযোগ কতটা রয়েছে এবং পূর্ববর্তী ইন্টার্নদের অভিজ্ঞতা কেমন ছিল, এসব তথ্য সংগ্রহ করলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এ ছাড়া পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলাও গুরুত্বপূর্ণ। শিক্ষক, সিনিয়র, বন্ধু, অ্যালামনাই কিংবা সংশ্লিষ্ট খাতের পেশাজীবীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে অনেক সময় এমন ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যায়।
অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমের ব্যবহার
ডিজিটাল যুগে ইন্টার্নশিপ খুঁজে পাওয়ার অন্যতম কার্যকর মাধ্যম হলো অনলাইন প্ল্যাটফর্ম। লিংকডইন, গ্লাসডোরসহ বিভিন্ন চাকরিভিত্তিক প্ল্যাটফর্মে নিয়মিত ইন্টার্নশিপ প্রকাশিত হয়। সেখানে নিজের প্রোফাইল হালনাগাদ রেখে আবেদন করলে নিয়োগদাতাদের নজরে আসার সম্ভাবনা বাড়ে।
ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ইনস্টাগ্রাম এবং অন্যান্য সামাজিক মাধ্যমেও অনেক প্রতিষ্ঠান ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ ছাড়া বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক গ্রুপ ও কমিউনিটিতে যুক্ত থাকলে দ্রুত নতুন সুযোগ সম্পর্কে জানা যায়। সার্চ ইঞ্জিন ব্যবহার করেও নির্দিষ্ট খাত বা প্রতিষ্ঠানের ইন্টার্নশিপ সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব।
- বিষয় :
- চাকরি
