উচ্চশিক্ষা
মেটার পিএইচডি ফেলোশিপ
জাবেদ ইকবাল
প্রকাশ: ২৯ জুন ২০২৬ | ১০:৫৯
কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন কিংবা মানব-কম্পিউটার ইন্টারঅ্যাকশনের মতো প্রযুক্তিভিত্তিক গবেষণায় ক্যারিয়ার গড়তে আগ্রহীদের কাছে Meta PhD Fellowship বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ফেলোশিপ। ফেসবুকের মূল প্রতিষ্ঠান Meta প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী পিএইচডি গবেষকদের এই ফেলোশিপের মাধ্যমে আর্থিক সহায়তা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং মেটার গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ দিয়ে থাকে। Meta PhD Fellowship হলো এমন একটি আন্তর্জাতিক গবেষণা ফেলোশিপ, যা বিশ্বের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফুল-টাইম পিএইচডি শিক্ষার্থীদের জন্য পরিচালিত হয়। এই ফেলোশিপের লক্ষ্য হলো এমন গবেষকদের সহায়তা করা, যাদের গবেষণা ভবিষ্যতের প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৬-২৭ এর আবেদন আহ্বান করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। নির্বাচিত ফেলোরা দুই বছরের সম্পূর্ণ টিউশন ফি ও জীবনযাপন ব্যয়সহ নানা ধরনের গবেষণা-সংক্রান্ত সুযোগ-সুবিধা পাবেন। আগামী ৩ আগস্ট থেকে শুরু হওয়া এই ফেলোশিপের জন্য আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
ফেলোশিপের সুযোগ-সুবিধা
মেটা ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুবিধা পাবেন:
l দুই বছরের পূর্ণ টিউশন ফি এবং একাডেমিক ফি।
l জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয় নির্বাহের জন্য বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড।
l মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার বিশেষ সুযোগ।
l মেটার গবেষকদের সঙ্গে সরাসরি কাজ ও যোগাযোগের সুবিধা।
আবেদনের যোগ্যতা
lআবেদনকারীকে অবশ্যই ফুলটাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
l আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
l আবেদনকারী যে কোনো জাতীয়তার হতে পারবে।
l আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।
l আবেদনকারী যদি ইতোমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পায়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।
মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া
মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র (লেটার অব রিকমেন্ডেশন) বিবেচনা করে চূড়ান্ত নির্বাচন করা হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর অবশ্যই আগামী ৬ অক্টোবরের মধ্যে দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি প্রার্থীর গবেষণা-তত্ত্বাবধায়কের (রিসার্চ সুপারভাইজার) হওয়া বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশপত্র জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।
সময়সূচি
আবেদন গ্রহণ শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬।
সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬।
আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬। ফলাফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭। বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭ এর মধ্যে।
আগ্রহী প্রার্থীদের মেটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র (রিসার্চ এরিয়া) নির্বাচন করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিস্তারিত-https://metaresearchphdfellowship.smapply.io/
- বিষয় :
- উচ্চশিক্ষা
