ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে হান্স সাইডেল ফাউন্ডেশন স্কলারশিপ

জার্মানিতে হান্স সাইডেল ফাউন্ডেশন স্কলারশিপ
×

শাকিল ইমতিয়াজ

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১২:১১

জার্মানিতে উচ্চশিক্ষা, উন্নত গবেষণা কিংবা পেশাগত ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন এমন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সুযোগ হলো হান্স সাইডেল ফাউন্ডেশন স্কলারশিপ। বিশেষ করে যারা স্নাতকোত্তর অধ্যয়ন, উচ্চতর পিএইচডি গবেষণা কিংবা সাংবাদিকতার ক্ষেত্রে নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। আগামী ২০২৭ শিক্ষাবর্ষের এই স্কলারশিপের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ ডিসেম্বর ২০২৬। সঠিক সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আবেদন করলে ইউরোপের অন্যতম সেরা এই দেশটিতে পড়াশোনা ও গবেষণার খরচ নিয়ে বড় ধরনের টেনশন থেকে মুক্ত থাকা সম্ভব।

আর্থিক সুবিধা

স্নাতকোত্তর ভাতা: নির্বাচিত স্নাতকোত্তর শিক্ষার্থীরা জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৯৯২ ইউরো পর্যন্ত আর্থিক ভাতা পাবেন।
পিএইচডি গবেষক ভাতা: পিএইচডি স্তরের গবেষকদের জন্য মাসিক ভাতার পরিমাণ আরও বেশি, যা প্রতি মাসে এক হাজার ৬৫০ ইউরো পর্যন্ত নির্ধারিত।
স্টাডি অ্যালাউন্স: পড়াশোনা ও গবেষণার আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য গবেষক ও শিক্ষার্থীরা প্রতি মাসে অতিরিক্ত ৩০০ ইউরো করে স্টাডি অ্যালাউন্স পাবেন।
স্বাস্থ্যবীমা ভর্তুকি: জার্মানিতে অধ্যয়নকালে স্বাস্থ্যবীমার খরচ মেটানোর জন্য শিক্ষার্থীদের প্রতি মাসে সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

একাডেমিক যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ারের একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করতে হবে।

স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা: আবেদনকারীকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক বা স্বেচ্ছাসেবামূলক কাজে সক্রিয় সম্পৃক্ততার অভিজ্ঞতা থাকতে হবে।

পিএইচডি গবেষকদের জন্য: পিএইচডি আবেদনকারীদের একটি মানসম্মত গবেষণা প্রস্তাব, একাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণপত্র বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

সাংবাদিকতার প্রার্থীদের জন্য: সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীদের মূলধারার সংবাদমাধ্যম, টেলিভিশন, রেডিও কিংবা মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত বা প্রচারিত অন্তত পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে হবে। পাশাপাশি গণমাধ্যম, জনসংযোগ বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সংযোগ রয়েছে এমন শিক্ষার্থীরাও এতে অগ্রাধিকার পাবেন।

ভাষাগত যোগ্যতা

জার্মান ভাষা দক্ষতা: এই স্কলারশিপের অন্যতম প্রধান শর্ত হলো আবেদনকারীদের জার্মান ভাষায় ন্যূনতম বি টু (B2) স্তরের দক্ষতার সনদ থাকতে হবে।
ভাষাগত বাধ্যবাধকতা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মানির এই ফাউন্ডেশনের শর্তানুযায়ী ভাষার যথাযথ প্রমাণপত্র ছাড়া কোনো অবস্থাতেই আবেদন গ্রহণ করা হয় না।

আবেদনের শেষ তারিখ ও প্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৭

বিস্তারিত তথ্য https://www.hss.de/stipendium/bewerbung/

আরও পড়ুন

×