কদমতলীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২২ | ২২:৪৭ | আপডেট: ২০ মে ২০২২ | ২২:৪৭
রাজধানীর কদমতলীর জুরাইন এলাকায় ট্রাক চাপায় মো. রাসেল (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টায় জুরাইন কমিশনার রোডের শেষ মাথায় এ দুর্ঘটনা ঘটে।
রাসেলের বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায়। তার বাবার নাম মো. আবুল হোসেন। রাসেল কদমতলীর আলী বহরে একটি মেসে ভাড়া থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল ট্রাকের বালু নামানোর শ্রমিক ছিলেন। বালু নামানোর জন্য ট্রাকটি পেছন দিকে এলে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে চাপা লেগে রাসেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- বিষয় :
- রাজধানী
- ট্রাক চাপা
- শ্রমিক
- নিহত
