'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' অনুষ্ঠিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ১৬:১৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩'। এবারের আয়োজনের মূল লক্ষ্য ছিল জাতির পিতার স্মরণে বাঙালি জাতিসত্ত্বা, ঐতিহ্য ও সংস্কৃতিকে বহির্বিশ্বের সামনে উপস্থাপন করা। সেই সঙ্গে যুবসমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারায় উদ্বুদ্ধ করা। এ ম্যারাথনের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন। ম্যারাথন শেষে সেনাপ্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অ্যাথলেটিক্স ফেডারেশনের কর্মকর্তা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ সকাল সাড়ে ৫টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে ম্যারাথন শুরু হয়। এর পর তিনশ ফুট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজের পূর্ব পর্যন্ত গিয়ে একই পথে ফিরে এসে বসুন্ধরা কনভেনশন সেন্টারে শেষ হয়। ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার স্ট্যানলি কিপ্রোটিস বেট এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার বাসাঙ্কি ইমোসি বিলো। ফুল ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের বাঙ্গরিয়া ভিক্রম বারাতসিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন নেপালের পুষ্পা ভান্ডারি। এ ছাড়া হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মরক্কোর আব্দিল আজিজ বাঘাজি এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন উগান্ডার রিস্পা চিরোপ। হাফ ম্যারাথনে সাফ দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের অভিষেক পাল এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের রেশমা দত্ত কিভেত। ফুল ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন আল আমিন এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে বাংলাদেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন এম এলাহি সরদার এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন সুস্মিতা ঘোষ।
ফুল ও হাফ ম্যারাথনে মোট ২ হাজার ১৬৩ জন দৌড়বিদ অংশ নেন। এতে কেনিয়া, ইথিওপিয়া, মরক্কো, ইউক্রেন, রুয়ান্ডা, লিথুনিয়া ও উগান্ডা থেকে ৩৮ জন এলিট দৌড়বিদ এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও মালদ্বীপ থেকে ৪৩ জন সাফ দৌড়বিদ অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ থেকে ফুল ম্যারাথনে ৫৩২ জন এবং হাফ ম্যারাথনে ১ হাজার ৫৫০ জন অংশ নেন। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, চীন, জাপান, নেদারল্যান্ডস ও নরওয়ের দৌড়বিদরাও ম্যারাথনে অংশ নিয়েছেন। আইএসপিআর।