ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আবারও 'রত্নগর্ভা মা' সম্মাননা পাচ্ছেন নির্মলা রানী রায়

আবারও 'রত্নগর্ভা মা' সম্মাননা পাচ্ছেন নির্মলা রানী রায়
×

নির্মলা রানী রায়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২০ | ০৭:৩৭

আবারও 'রত্নগর্ভা মা' সম্মাননা পাচ্ছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়ের মা নির্মলা রানী রায়। ছয় কৃতী সন্তানের মা হিসেবে তাকে এই সম্মাননার জন্য মনোনীত করেছে জনসংযোগ প্রতিষ্ঠান র‌্যাপিড পিআর।

বুধবার র‌্যাপিড পিআর তাকেসহ সারাদেশের ২০০ মাকে 'র‌্যাপিড পিআর রত্নগর্ভা-২০২০' সম্মাননায় ভূষিত করার কথা জানিয়েছে। এর আগে গত বছর বিশ্ব মা দিবসে মোট ৩৫ জন মায়ের একজন হিসেবে নির্মলা রানী রায় পেয়েছিলেন আজাদ প্রোডাক্টস্‌ প্রবর্তিত 'রত্নগর্ভা মা-২০১৮' সম্মাননা।

র‌্যাপিড পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শহীদুল ইসলাম শেখর জানান, এ বছরই তারা প্রবর্তন করেছেন 'রত্নগর্ভা মা' সম্মাননা। আগামী ১০ মে বিশ্ব মা দিবসে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননাপ্রাপ্ত মায়েদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

মাত্র সপ্তম শ্রেণি পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারা নির্মলা রানী রায় তার ছয় ছেলেকেই উচ্চশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অসামান্য নিষ্ঠা ও ত্যাগ স্বীকার করেছেন। এ কারণেই তিনি অন্যদের সঙ্গে এ সম্মাননা পাচ্ছেন বলে জানান জনসংযোগ বিশেষজ্ঞ খন্দকার শহীদুল ইসলাম শেখর।

ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসিন্দা ৭২ বছর বয়সী নির্মলা রানী রায়ের স্বামী ছিলেন সমবায় অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপনিবন্ধক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অর্দ্ধেন্দু শেখর রায়। দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায় ছাড়াও তার অন্য পাঁচ ছেলে হচ্ছেন- ফরিদপুর জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালর বিশেষ আদালতের এপিপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায়, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল-ফরিদপুরের প্রধান শিক্ষক অপরেশ রায় অপু, ফরিদপুর জজকোর্টের এপিপি ও পল্লী প্রগতি সহায়ক সমিতি-ফরিদপুরের আইন কর্মকর্তা অ্যাডভোকেট অলোকেশ রায়, নতুন সময় টেলিভিশনের হেড অব নিউজ অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অ্যাডভোকেট অভিজিৎ রায়।






আরও পড়ুন

×