বাংলাদেশ লকডাউন ঘোষণার পরামর্শ ডব্লিউএইচও'র
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০৬:২৮
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাব বিস্তার শুরু করেছে বাংলাদেশেও। এরই মধ্যে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন দুইজন। এ পরিস্থিতিতে দেশ আংশিক বা পুরোপুরি লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাস মোকাবিলায় শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রটেকশনের (এসডিসিপি) প্রতিনিধিরা।
বৈঠক শেষে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে লকডাউন ঘোষণা করার পরামর্শ দিয়েছে। পুরোপুরি না হলেও অন্তত আংশিক লকডাউন তৈরি করার পরামর্শ দেন তারা। একইসঙ্গে জরুরি অবস্থা জারি করার বিষয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এসডিসিপি প্রতিনিধিরা গুরুত্বারোপ করেছেন’।
তিনি বলেন, ‘যেসব দেশ লকডাউন করা হয়েছে, সেখানে নতুন আক্রান্তের বিষয়টি নিয়ন্ত্রণে আছে। তাই আমরা তাদের জানিয়েছি, তাদের এই পরামর্শ প্রধানমন্ত্রীর কাছে পেশ করব। কারণ সরকারপ্রধান হিসেবে তিনিই শুধু এই সিদ্ধান্ত নিতে পারেন’।
বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানা, জরুরি গণস্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এল সাক্কা হাম্মান, সিডিসিপির যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. মাইকেল ফ্রিডম্যান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
