সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে পিপিই পেল পুলিশ
বুধবার সমকাল কার্যালয়ে পুলিশের মিরপুর জোনের এডিসি মাহফুজা আফরোজ লাকির কাছে একশ' পিপিই হস্তান্তর করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি- সমকাল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১০:৫৩ | আপডেট: ২৫ মার্চ ২০২০ | ১১:২৬
করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনভাবেই সার্বিক প্রস্তুতি নিয়ে এ সংকট মোকাবিলা করতে হবে। করোনা প্রতিরোধে সামাজিক এবং মানবিক উদ্যোগের অংশ হিসেবে যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন।
মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনায় বুধবার পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহ করা হয়। এখন পর্যন্ত ঢাকার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মিরপুর। এর মধ্যে মিরপুরের টোলারবাগে করোনা আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। উদ্ভূত পরিস্থিতিতে টোলারবাগে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। একটি বাসার সব সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। টোলারবাগসহ পুলিশের মিরপুর জোনের অন্যান্য এলাকায় যেসব পুলিশ সদস্য ঝুঁকিপূর্ণভাবে দায়িত্ব পালন করছেন, তাদের মধ্যে সরবরাহ করতে প্রাথমিকভাবে একশ' পিপিই দিল সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন। তেজগাঁওয়ে সমকাল কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশের মিরপুর বিভাগের এডিসি মাহফুজা আফরোজ লাকির হাতে পিপিই তুলে দেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। এ সময় দারুস সালাম জোনের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।
বর্তমান পরিস্থিতিতে সমকাল এরই মধ্যে তার কর্মীদের অনেকের মাঝে পিপিই ছাড়াও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে। প্রধান কার্যালয়ে জনসমাগম কমাতে অর্ধেক কর্মীকে বাসা থেকেও অফিস করার ব্যবস্থা করেছে। সামাজিক উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে চিকিৎসকদের মধ্যে পিপিই সরবরাহ করবে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন।
বুধবার পুলিশের জন্য পিপিই সরবরাহকালে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, 'করোনা পরিস্থিতিতে বৈশ্বিক এক দুর্যোগের মুখোমুখি আমরাও। বাঙালি সবসময় একতাবদ্ধ হয়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করেছে। সেটা আমাদের ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও দেখা গেছে। করোনা মোকাবিলার এ যুদ্ধেও একসঙ্গে জয়ী হবো আমরা।'

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, তাদের নিরাপদ রাখা জরুরি। মানুষের পাশে আমরা রয়েছি, আমরা থাকব। মানুষ তো মানুষের জন্যই বেঁচে থাকবে।
টাইমস মিডিয়ার নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) এস এম শাহাব উদ্দিন বলেন, 'করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকেই পুলিশ তা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। নিরাপত্তা সামগ্রী নেই, এটা বলে তারা দায়িত্ব থেকে দূরে থাকার কোনো অজুহাত দেখায়নি। পিপিই সরবরাহের মধ্য দিয়ে আমাদের ক্ষুদ্র আয়োজন মানবতার কল্যাণে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।'
আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ বলেন, 'আমরা দেখলাম টোলারবাগে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন, তাদের পিপিইসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম নেই। তাই সেখানকার পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। ভবিষ্যতে সহমর্মিতার হাত আরও বিস্তৃত করা হবে।'
এডিসি মাহফুজা আফরোজ লাকি বলেন, 'করোনা মোকাবিলায় সবার সামনে থেকে যারা পরিস্থিতি মোকাবিলা করছেন, তারা হলেন চিকিৎসক ও সেবাকর্মী। তার পরই যারা রয়েছেন তাদের মধ্যে পুলিশ সদস্যরা অন্যতম। রোগীকে নিয়ে যাওয়া, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ মাঠ পর্যায়ে অনেক ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই তাদের পিপিইসহ অন্যান্য সরঞ্জাম নিশ্চিত করা দরকার। সমকাল ও আল-খায়ের ফাউন্ডেশনের এমন উদ্যোগকে স্বাগত জানাই।'
সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, বার্তা সম্পাদক মশিউর রহমান টিপু, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, প্রধান প্রতিবেদক লোটন একরাম, অপরাধ বিভাগের প্রধান সাহাদাত হোসেন পরশ, মার্কেটিং বিভাগের জি এম ফরিদুল ইসলাম, সমকালের স্বাস্থ্যবিষয়ক পাতা 'ডাক্তার বাড়ির' প্রধান ডা. আবদুল্লাহ শাহরিয়ার টুটুল ও সমকাল সুহৃদ সমাবেশের সহ-সম্পাদক আসাদুজ্জামান।
সুবিধাবঞ্চিতদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ : সিলেট ব্যুরো জানায়, সমকাল পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার নগরীতে সিলেট জেলা শাখার সুহৃদরা করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
বুধবার দুপুরে নগরীর বাগবাড়ি এলাকায় সুবিধাবঞ্চিত শিশু, কিশোর ও প্রতিবন্ধীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। তাদের মধ্যে সরকারি শিশু পরিবার (বালক ও বালিকা), ছোটমণি নিবাস, মহিলা ও শিশু হেফাজত কেন্দ্র, সরকারি বাক্ শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয় ও শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেওয়া হয়। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তা গ্রহণ করেন।
এ কর্মসূচি বাস্তবায়নের সময় আরও উপস্থিত ছিলেন সমকালের সিলেট ব্যুরোপ্রধান চয়ন চৌধুরী, ইকরা বাংলার সিলেট অফিস ইনচার্জ কমলজিৎ শাওন, প্রডিউসার আহমদ সেলিম, সমকালের ফটোসাংবাদিক ইউসুফ আলী, সিলেট জেলা সুহৃদ সমাবেশের সভাপতি সুব্রত বসু, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী প্রমুখ।
- বিষয় :
- পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট
