গণহত্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২০ | ১২:৪০
একাত্তরের ২৫ মার্চের কাল রাতে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মরণে ঘরে ঘরে একটি করে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসুচী পালিত হয়েছে।
বুধবার রাত ১১টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
করোনাভাইরাস সংক্রমণের ঝুকি থাকায় রাষ্ট্রীয়ভাবে এবার গণহত্যা দিবস স্মরণে কোনো কর্মসূচী পালন করা হয়নি। তবে বরাবরের মতো এবারও নির্মূল কমিটির পহ্ম থেকে গত মঙ্গলবার দেশবাসীকে স্ব উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণের আহবান জানানো হয়। যার ধারাবাহিকতায় গতাকাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুলসহ ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জেলা ও বিদেশি শাখাগুলোতে সংগঠনের নেতা-কর্মীরা এই কর্মসূচী পালন করে। রাত ১১টায় ঘরে ঘরে মোমবাতি প্রজ্জ্বলন করে নিরাবতা পালনের মধ্যে দিয়ে একাত্তরের শহীদ ৩০ লাখ মানুষের প্রতি শ্রদ্ধ্যা নিবেদন করা হয়। এ ছাড়া শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষও বিভিন্ন আয়োজনের মাধ্যমে একাত্তরে শহীদদের স্মরণ করেছে।
স্বাধীনাত্তোর বাংলাদেশে একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সেনা বাহিনীর বর্বরোচিত গণহত্যা বিশ্ব ইতিহাসে জঘন্যতম। কারণ ওইদিন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে এক রাতেই প্রায় ৫০ হাজার বাঙালিকে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী।
একাত্তরের ২৫ মার্চ কালোরাতে শহীদদের স্মরণে নির্মূল কমিটি গত ২৮ বছর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিল নিয়ে জগন্নাথ হলের বধ্যভূমিতে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে। তবে এবার করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য ২৫ মার্চের নিয়মিত কর্মসূচি সংগঠনের পক্ষ থেকে স্থগিত করা হয়।
