ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

করোনা আক্রান্তের সেবা দিতে অপারগতা, দুই চিকিৎসক বরখাস্ত

করোনা আক্রান্তের সেবা দিতে অপারগতা, দুই চিকিৎসক বরখাস্ত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১০:১১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করায় দুই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক মুহাম্মদ ফজলুল হক। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

আদেশে বলা হয়, এই দুই চিকিৎসক করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদানে অনিচ্ছা প্রকাশ করেছেন। এ অবস্থায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের নির্দেশে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ১২ ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে গত ৯ এপ্রিল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন হাসপাতালে ৬ চিকিৎসকের অনুপস্থিতির কথা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বরাবর চিঠি দেন।

এই ৬ চিকিৎসকের মধ্যে অ্যানেসথেশিয়া বিভাগের কনসালটেন্ট  ড. হীরম্ব চন্দ্র রায়। তিনি ১৩ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত আছেন। মেডিকেল অফিসার ফারহানা হাসানাত ১৫ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত থেকে সম্প্রতি ইস্তফাপত্র দিয়েছেন। গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. শারিমন হোসেন করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানে অনিচ্ছা পোষণ করেছেন। মেডিকেল অফিসার ঊর্মি পারভীন ৩১ মার্চ যোগদানের পর থেকে অনুপস্থিত আছেন। একইভাবে মেডিকেল অফিসার কাওসার উল্লাহ ২১ মার্চ থেকে অনুপস্থিত রয়েছেন। 

আবাসিক চিকিৎসক ফজলুল হক করোনা আক্রান্ত রোগীদের সেবা প্রদানে অনিচ্ছাপোষণ করেছেন। এর বাইরে এই হাসপাতালে পদায়ন করা চিকিৎসক, নার্স, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেশিরভাগই যোগদান করেন নি বলে তত্ত্বাবধায়ক চিঠিতে উল্লেখ করেন। এই চিঠির প্রেক্ষিতে ওই দুই চিকিৎসককে বরখাস্ত করা হলো।

আরও পড়ুন

×