ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কাউন্সিলর চামেলীকে শাহবাগ থেকে অচেতন উদ্ধার

কাউন্সিলর চামেলীকে শাহবাগ থেকে অচেতন উদ্ধার
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ১৯:২১ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ১৯:২১

রাজধানীর শাহবাগ এলাকা থেকে সৈয়দা রোকসানা ইসলাম চামেলী নামে এক নারী কাউন্সিলরকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাশের সড়কে তাঁকে পাওয়া যায়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, চামেলী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩, ১৯ ও ২০ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গতকাল তিনি আওয়ামী লীগের একটি সভায় যোগ দিতে গিয়েছিলেন। কী কারণে তিনি অচেতন হয়ে পড়েছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাত ৯টার দিকে তাঁকে জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা তাঁর পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি করেন। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে চামেলী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন, নাকি অন্য কিছু ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেননি। তাঁর ভগ্নিপতি মিজানুর রহমান জানান, পশ্চিম ফুলবাড়িয়ার সেক্রেটারিয়েট রোডের বাসায় থাকেন চামেলী। গতকাল রাতে অচেতন অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে স্বজনরা ছুটে আসেন। এরপর তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। 


আরও পড়ুন

×