ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

দ্বিতীয় দিনেও উৎসব মুখর পুরান ঢাকার পৌষমেলা

দ্বিতীয় দিনেও উৎসব মুখর পুরান ঢাকার পৌষমেলা
×

দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা শিশুদল। ছবি: সমকাল

জবি প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ | ১৫:৪০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ | ১৫:৫০

রাজধানী পুরান ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে দ্বিতীয় দিনেও উৎসব মুখর পৌষমেলা। আজ শনিবার সকাল ৯টা থেকে এ মেলা শুরু হয়। গতকালের মতো আজ সকালে পিঠা উৎসবের সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আজ সকালে দলীয় সঙ্গীত পরিবেশন করেন বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, সমস্বর, আদন, সপ্তরেখা ও ফোক বাংলা। একক সংগীতে অংশ নেয় প্রলয় সাহা, ফেরদৌসী কাকলী, আবিদা রহমান সেতু, রত্না সরকার, এস এম মেজবাহ, বিমান চন্দ্র বিশ্বাস, মীরা মণ্ডল, মনি গোমেজ ও নিঝর দাসের গল্প  দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা শিশুদল। 

দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা সংস্কৃতিচর্চা কেন্দ্র ও কথা আবৃত্তিচর্চা কেন্দ্র। একক আবৃত্তি করেন বেলায়েত হোসেন, এনামুল হক বাবু, শিরিন ইসলাম, শহীদুল ইসলাম নাজু, শামীমা সুলতানা তন্দ্রা, মুনমুন খান প্রমুখ।

এদিন সকালে পিঠাপুলির দোকানগুলোতে তেমন ক্রেতার দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীরা ও ক্রেতারা আসতে থাকেন। বগুড়া পিঠাপুলি দোকানের স্বত্তাধিকারী গাফফার বলেন, সকালে ক্রেতা একটু কম। তবে বিকেলে ক্রেতা বাড়বে। অন্যান্য বছরের তুলনায় এবার পিঠা বিক্রি বেড়েছে।

মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, তিন দিনব্যাপী বড় মেলা অনুষ্ঠিত হচ্ছে। দূরদুরান্ত থেকে দর্শকরা আসছেন। এই মেলার ফলে নগরবাসীর মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও বাড়বে। 

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় বিকেল ৩টা থেকে। দলীয় সঙ্গীত পরিবেশন করেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী, সুরসাগর, মরম ও উজান। পরবর্তীতে একক সঙ্গীত পরিবেশন করেন আব্দুল হালিম খান, শিল্পী সাহা, তাহমিনা মুক্তি, শ্রাবণী গুহ রায়, আসিফ ইকবাল সৌরভ। বিকেলে শিশুদলে অংশগ্রহণ করবে সীমান্ত খেলাঘর, দলীয় আবৃত্তি করে স্বরশ্রুতি ও সংবৃতা। এছাড়া আজ সন্ধ্যায় বিশেষ পরিবেশনা থাকবে সঙযাত্রা।

আরও পড়ুন

×