ঢাকা জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও ত্রাণ বিতরণ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২০ | ০০:২৭ | আপডেট: ১৭ মে ২০২০ | ০০:৩৮
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দুরত্ব নিশ্চিতে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত রেখেছে ঢাকা জেলা প্রসাশন। এছাড়াও জেলা প্রসাশনের নির্দেশে মহানগরীর বিভিন্ন স্থানে কোরানার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার মহানগরীর ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার, মিরপুর, মোম্মাহাদপুর, রমনা, লালবাগ, যাত্রাবাড়ী ও কোতোয়ালিসহ জেলার সকল উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে ও উপজেলাগুলোতে ৩২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করায় ৪৪টি মামলা এবং ৮৯ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ সহায়তা করছে।
এছাড়া ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের পরিপ্রেক্ষিতে ঢাকা জেলার দোহার উপজেলার ৪৫ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা প্রসাশন। একই সঙ্গে টিসিবির বিক্রয়কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং করছেন জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।