ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

করোনা উপসর্গে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু

করোনা উপসর্গে জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২০ | ০৬:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জনতা ব্যাংকের লোকাল অফিসের এক্সিকিউটিভ অফিসার হাসিবুর রহমান মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও তার চূড়ান্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

জনতা ব্যাংকের লোকাল অফিসের মহাব্যবস্থাপক মোবারক হোসেন সমকালকে এ তথ্য জানিয়েছেন।

হাসিবুর রহমানের পারবারিক সূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের লোকাল অফিসের অ্যাডমিন শাখায় কর্মরত ছিলেন হাসিব। কিছুদিন আগে ওই শাখার এক কর্মকর্তা করোনা আক্রান্ত হন। তার পাশেই বসতেন হাসিব। গত সপ্তাহে জ্বর অনুভব করেন। গত রোববার থেকে করোনার লক্ষণ তীব্র হতে থাকে। বুধবার দিবাগত রাতে জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার পুরান ঢাকার একটি হাসপাতালে অক্সিজেন দেওয়া হয়। পরিস্থিতির উন্নতি না হলে রাত ১২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ভোরে তার মৃত্যু হয়।

হাসিবুর রহমানের গ্রামের বাড়ি মাকিগঞ্জ জেলার বালিয়াটি উপজেলায়। জনতা ব্যাংকে ২০০৯ কর্মজীবন শুরু করেন তিনি। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে যান তিনি।

এর আগে গত ১৭ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সোনালী ব্যাংকের লোকাল অফিসের প্রিন্সিপাল অফিসার মাহবুব এলাহী। এছাড়া রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম মো. শহিদুল ইসলাম রিপন, বেসরকারি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের দুই কর্মকর্তা মারা যান। আর শ্বাসকষ্ট, সর্দি-জ¦রসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বেসরকারি খাতের এনসিসি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদের দুই কর্মকর্তা মারা গেছেন। 

আরও পড়ুন

×