র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনায় আক্রান্ত
র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম - ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ জুন ২০২০ | ০১:৪৪ | আপডেট: ০৭ জুন ২০২০ | ০১:৪৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার তিনি নিজেই সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাসায় থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। শরীরের অবস্থা ভালো। সামান্য গলা ব্যথা ও হালকা কাশি রয়েছে।
পরিবারের অন্য সদস্যেরও করোনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে সারওয়ার আলম বলেন, পরীক্ষায় তার স্ত্রীর ফলও পজিটিভ এসেছে, বাকিরা সবাই নেগেটিভ। তারা সবাই ভালো আছেন।
এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, 'কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।'
দেশে করোনাভাইরাসের সংক্রমণের পর থেকেই র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম কোয়ারেন্টাইন, শারীরিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও বাড়তি দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন। এ ছাড়া বিভিন্ন ভেজালবিরোধী অভিযানের কারণে আলোচিত এই ম্যাজিস্ট্রেট নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিলেন।