ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিরপুরে নিজ বাড়িতে বৃদ্ধা খুন

মিরপুরে নিজ বাড়িতে বৃদ্ধা খুন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ০৯:২৬ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০৮:৪৫

রাজধানীর মিরপুরে বাসা থকে হাত-পা বাধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় ৬৫ বছর বয়সী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহনাজ পারভীন। পুলিশ বলছে, শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডে পরিবারের কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের পার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের চার নম্বর সড়কের পাঁচতলা বাড়িটি শাহনাজের নিজের। বাড়িটির নিচতলায় তিনি থাকতেন। দোতলায় থাকে তার মেয়ের পরিবার, তৃতীয় তলায় স্ত্রী-সন্তান নিয়ে ছেলে। ৪র্থ ও ৫ম তলা ভাড়া দেওয়া।

নিহতের পুত্রবধূ জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দোতলা থেকে নিচতলায় নামেন। শাশুড়ির ঘরের মেঝেতে পানি জমে থাকতে দেখে তিনি ভেতরে ঢোকেন। এ সময় খাটে শাশুড়িকে পড়ে থাকতে দেখেন। তার হাত-পা বাধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল। পরে মিরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের দাবি, শাহনাজের হাতে স্বর্ণের বালা ছিল, সেগুলো পাওয়া যায়নি।

তার মেয়ে স্কুল শিক্ষিকা, এক ছেলে জার্মান প্রবাসী আর আরেক ছেলে বরিশাল ক্যাডেট কলেজে কর্মরত। মিরপুর থানার ওসি দাদন ফকির বলেন, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ছেলে এবং মেয়ে একই বাড়িতে থাকলেও বৃদ্ধা শাহনাজ কেনো নিচতলায় একা থাকতেন তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের কেউ এই হত্যায় জড়িত আছে কিনা সেটিও দেখা হচ্ছে।

আরও পড়ুন

×