ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

উত্তরায় চীনা আবাসিক হোস্টেল থেকে 'মাহাজং' উদ্ধার

উত্তরায় চীনা আবাসিক হোস্টেল থেকে 'মাহাজং' উদ্ধার
×

আবাসিক হোস্টেল থেকে দুটি 'মাহাজং' মেশিন উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ছবি: সংগৃহীত

বিশেষ প্রতনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ১০:১৫

রাজধানীর উত্তরায় একটি চীনা আবাসিক হোস্টেলে অভিযান চালিয়ে দুটি ইলেকট্রনিক জুয়ার মেশিন 'মাহাজং' উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

বৃহস্পতিবার উত্তরার হবনব কফি হাউস ও চায়নিজ রেস্টুরেন্টের আবাসিক হোস্টেল থেকে 'মাহাজং' দুটি উদ্ধার করা হয়।

কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক কাউছার আলম পাটওয়ারীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ক্যাসিনোর এই জনপ্রিয় সামগ্রী দুটি উদ্ধার করেন। 

এর আগে রাজধানীর বনানীর একটি চায়নিজ রেস্টুরেন্ট এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ব্যাটারি এবং পোল্ট্রি ফার্ম থেকে বেশ কিছু ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, উত্তরার হবনব কফি হাউস ও চায়নিজ রেস্টুরেন্টে চীনের নাগরিকের আনাগোনা ছিল। সেখানেই 'মাহাজং' দুটির ব্যবহার হয়। অভিযানের কারণে 'মাহাজং' মেশিন দুটি হোস্টেলে লুকিয়ে রাখা হয়েছিল।

সূত্র আরও জানায়, আটক জুয়া খেলার মেশিন দুটির আমদানি তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মিথ্যা ঘোষণার মাধ্যমে এই দুটি ক্যাসিনো সামগ্রী আমদানিতে আনুমানিক ২ লাখ ৮৫ হাজার টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এ অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে।

আরও পড়ুন

×