ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উত্থান ঘটেছিল জঙ্গিবাদের: স্বরাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই উত্থান ঘটেছিল জঙ্গিবাদের: স্বরাষ্ট্রমন্ত্রী
×

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল- সমকাল

দোহার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ১০:১৮

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বাংলাদেশে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল। আমরা তা দমন করতে সক্ষম হয়েছি। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক কেনাবেচা হচ্ছে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। 

বৃহস্পতিবার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।

অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্তকরণে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তালিকা পেলে সেটা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, তাদের দমন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি রোধ করাটা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। তাই যারা অনিয়ম-দুর্নীতি করছে বা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে অথবা অপরাধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মো. আব্দুল মান্নান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম আহম্মেদ ভুঁইয়া, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল রামানন্দ সরকার, নবাবগঞ্জ সার্কেল এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা সহসম্পাদক অ্যাডভোকেট একেএম আজিজুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জালাল হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×