ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি
×

সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ১৩:২৭

ইউনানি ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট (বিইউএমএস ও বিএএমএস) চিকিৎসকদের হয়রানির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার ইউনানি ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট  চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদের (স্বাদেচিপ) ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে সহস্রাধিক চিকিৎসক অবস্থান কর্মসূচিতে অংশ নেন।  

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পদক্ষেপ অনুযায়ী বিইউএমএস ও বিএএমএস ইউনানি ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসকরা মানুষকে চিকিৎসাসেবা দিচ্ছেন। সরকার প্রথম শ্রেণির পদমর্যাদায় তিন শতাধিক বিইউএমএস ও বিএএমএস ডিগ্রিধারী চিকিৎসককে মেডিকেল অফিসার পদে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দিয়েছে। করোনাকালে অন্যান্য চিকিৎসকের সঙ্গে বিএএমএস ও বিইউএমএস চিকিৎসকরা কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সরকারি কর্মচারি হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোস্টার ভিত্তিক ডিউটি করেছেন। বিইউএমএস ও বিএএমএস ইউনানি ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসকরা নিজস্ব পদ্ধতির চিকিৎসার পাশাপাশি তাদের কোর্স কারিকুলামের অংশ হিসেবে যে কোন জরুরি ও আধুনিক চিকিৎসা দিতে সক্ষমতা রাখেন। তাদের সফলতা ও সক্ষমতায় ঈর্ষান্বিত হয়ে কিছু ষড়যন্ত্রকারী আইন প্রয়োগকারী সংস্থাকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে ব্যাহত করতে বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের হয়রানি করছে। দেশের বেসরকারি হাসপাতালে বৈধভাবে কর্মরত এসব চিকিৎসকের প্রাতিষ্ঠানিক সনদ ও তথ্য-প্রমাণাদি থাকা সত্বেও তাদের যোগ্যতাকে খাট করা হচ্ছে।

এ সময় বিইউএমএস ও বিএএমএস চিকিৎসকদের জন্য বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডেকেল কাউন্সিল গঠনের জন্য জোর দাবি জানান বক্তারা। 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাদেচিপের সভাপতি ডা. আ জ ম দৌলত আল মামুন, মহাসচিব ডা. এ কে এম মামুন উর রশিদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল, ডা. ইউসুফ, সাংগাঠনিক সম্পাদক ডা. আবু বকর সিদ্দিক, ডা. এ এইচ এম কামরুজ্জামান সুমন, ডা. সোহরাব হোসেন বাদল, ডা. রুহুল আমিন ভূঁইয়া, ডা. অনাদি হোসেন মামুন, ডা. মমিনুল ইসলাম রানা, ইউনানি ও আয়ুর্বেদিক গ্রাজুয়েট চিকিৎসক সমন্বয় পরিষদের আহবায়ক ডা. আলমগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×