ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মুগদায় অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

মুগদায় অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৫:০২ | আপডেট: ০৩ জুলাই ২০২০ | ০৫:২৯

রাজধানীর মুগদার মান্ডা এলাকার একটি বাসা থেকে শিরিন আক্তার (২২) নামের তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। 

শিরিন আক্তারের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার কবিরকাঠি গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। শিরিনের স্বামী সোহেল ডিশ লাইনের সংযোগ দেওয়ার কাজ করেন। 

স্বজনদের ধারণা, শিরিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার মা অন্তু বেগম জানান, তিন বছর আগে সোহেল রানার সঙ্গে শিরিনের বিয়ে হয়। মাসখানেক ধরে তার কিছুটা মানসিক সমস্যা দেখা দেয়। কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ ঘরের আসবাবপত্র ভাংচুর করতেন। সকালে আসবাব ভাংচুরের সময় সোহেল বাসা থেকে বেরিয়ে পাশেই শ্বশুরবাড়িতে যান। এ সময় তিনি শিরিনের অসুস্থতা বাড়ায় তাকে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলেন। এরপর তারা সবাই মেয়ের বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিরিনের নিথর দেহ পাওয়া যায়।  উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন

×