রাষ্ট্রীয় পাটকল বন্ধের ঘোষণায় প্রতিবাদ বাসদের
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২০ | ০৫:৫৯
রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটি বলেছে, ভুলনীতি, অদক্ষ ব্যবস্থাপনা ও আমলাদের দুর্নীতির দায় শ্রমিকদের ওপর চাপিয়ে পাটকল বন্ধ করার মত অন্যায় ও গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না আসলে আবরোধ-হরতালের মত কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসদ ঢাকা মহানগর আয়োজিত মানববন্ধন সমাবেশে নেতারা এসব কথা বলেন। রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত কার্যকর করার ঘোষণার প্রতিবাদ এবং বন্ধ বা পিপিপি নয় ও আধুনিকায়ন করে পাটকল চালু রাখার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কমিটির সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে ১ জুলাই থেকে রাষ্ট্রায়ত্ত্ব সব পাটকল বন্ধের সিদ্ধান্তকে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি এবং দায়িত্বহীন ও আত্মঘাতি হিসেবে উল্লেখ করেছেন। অনতিবিলম্বে এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধ করার কায়েমি স্বার্থবাদীদের নীলনকসা থেকে সরকারকে সরে আসতে হবে।