সাহারা খাতুনের মৃত্যুতে নির্মূল কমিটির শোক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ১১:০২ | আপডেট: ১০ জুলাই ২০২০ | ১১:১২
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ শোক প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,‘মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে রাজপথের রাজনৈতিক আন্দোলনের লড়াকু নেতা, শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে সূচিত ’৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক আন্দোলনের অন্যতম সুহৃদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত।‘
এতে বলা হয়, ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের সূচনাকাল থেকে তিনি (সাহারা খাতুন) এর সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধাপরাধী গোলাম আযমের প্রতীকী বিচারের উদ্দেশে গঠিত গণ আদালতের উদ্যোক্তাদের বিরুদ্ধে জামায়াত সমর্থিত খালেদা জিয়ার সরকারের রাষ্ট্রদ্রোহিতা মামলার অন্যতম আইনজীবী ছিলেন তিনি। এরপর থেকে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নির্মূল কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলায় অ্যাডভোকেট সাহারা খাতুন আদালতে আমাদের পক্ষে দৃঢ়ভাবে লড়েছেন এবং আইনজীবীদের সংগঠিত করেছেন।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ’অ্যডভোকেট সাহারা খাতুনের অকাল মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যাবতীয় আন্দোলনে, বিশেষভাবে আইনজীবীদের পেশাভিত্তিক আন্দোলনে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবে না। আমরা তার পরিবারের শোকসন্তপ্ত সদস্য ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।’
- বিষয় :
- সাহার খাতুন
- ঘাতক দালাল নির্মূল কমিটি