ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তুচ্ছ ঘটনায় শিশুকে খুন করে সেপটিক ট্যাংকে ভরে রাখল চাচাতো ভাই

তুচ্ছ ঘটনায় শিশুকে খুন করে সেপটিক ট্যাংকে ভরে রাখল চাচাতো ভাই
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২০ | ১২:০৩

রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে নিখোঁজের পরদিন সেপটিক ট্যাংক থেকে ১০ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সিয়াম শেখ। শুক্রবার বিকেলে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জের ধরে শিশুটির চাচাত ভাই রাকিব এ হত্যাকাণ্ড ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, সিয়াম নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল। তদন্তের একপর্যায়ে সন্দেহ হওয়ায় শিশুটির চাচাতো ভাই রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় সে হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে মাটির বস্তা দিয়ে চাপা দেওয়া অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়। হত্যার নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না তা জানার চেষ্টা চলছে। 

তদন্ত সূত্র জানায়, পশ্চিম মনিপুরের বারেক মোল্লার মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকত সিয়াম। তার বাবা আবুল বাশার পেশায় স্যানিটারি মিস্ত্রি। বাশারের সৎ ভাই আবুল কাশেমের ছেলে রাকিব। নিহত সিয়াম প্রায়ই তার চাচাতো ভাইয়ের সঙ্গে ঘোরাফেরা করত। বৃহস্পতিবার দুপুরে সে বাসা থেকে বেরিয়ে সন্ধ্যার পরও না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে তারা পুলিশের কাছে অভিযোগ করেন। এরপরই ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ। রাকিবকে আটকের পর তার তথ্যে স্থানীয় ১৮৭/এ নম্বর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ঘাড় মটকানো অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়। 

আরও পড়ুন

×