লালমাটিয়ায় 'ভূমি পাঠশালা'র আয়োজনে শিশু চিত্র প্রদর্শনী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:১১ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৩৪
রাজধানীর লালমাটিয়ায় ভূমি গ্যালারিতে তিনদিনের শিশু চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর)। বিকেল ৫টায় ‘স্বপ্নে আঁকা নবীন আলো’ শীর্ষক এ শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন হবে। ভূমি গ্যালারির তত্ত্বাবধানে পরিচালিত শিশুদের ভিন্ন ধারার চারুকারু শিক্ষায়তন ‘ভূমির পাঠশালা’র আয়োজনে এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন চিত্রশিল্পী মনিরুল ইসলাম, বীরেন সোম ও শিশির ভট্টাচার্য।
প্রদর্শনীতে থাকবে 'ভূমির পাঠশালা'র শিশুদের এক বছর ধরে গড়া বিভিন্ন ধরনের শিল্পকর্ম। ১২৫টি চিত্রকর্মসহ নানা মাধ্যমে তৈরি করা শিল্পকর্মের উপস্থাপন থাকবে সেখানে। তিনদিনের এই প্রদর্শনী রোববার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। 'ভূমি গ্যালারি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, 'শিশুদের মনন বিকাশের নিখাদ চর্চার অংশ হিসেবে ভূমির পাঠশালায় ছবি আঁকা শেখানো হয় না, দেওয়ালে ছবি টানিয়ে অথবা টেবিলে জড়বস্তু রেখে তা আঁকবার নির্দেশ দেওয়া হয় না। বরং মুক্ত, স্বাধীনভাবে তাদের অন্তর্নিহিত মেধাচর্চার পরিবেশ তৈরি করা এই পাঠশালার উদ্দেশ্য। এখানে প্রকৃতির ছবি আঁকানোর চর্চার পরিবর্তে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য শিশুদের দলকে প্রকৃতির কাছে নিয়ে যাওয়া হয়। কখনও কোনো গ্রাম, কোনো নদী, উদ্যান, স্থাপনা ইত্যাদির সান্নিধ্যে নিয়ে ফুল, পাখি, গাছ, ফুলের গন্ধ, ক্ষেতের সঙ্গে পরিচিত করে তোলা হয়।
'ভূমির পাঠশালা'য় শিশুরা ছবি আঁকার পাশাপাশি কাদামাটি, কাগজ, হস্তশিল্প, ফোটোগ্রাফিসহ নানা ধরনের সৃজনশীল চর্চা করে থাকে। সপ্তাহের দুদিন একবেলা শিশুদের একটি মজার পরিবেশে রাখবার চেষ্টা করা হয় সেখানে। শিশুরা মজার ছলেই সৃজনশীলতার চর্চায় যুক্ত হয়ে যায়। ভূমি গ্যালারির ঠিকানা: বাড়ি ৬/৪, (২য় তলা), ব্লক ডি, লালমাটিয়া (ব্লক ডি মাঠের উত্তর-পূর্ব পাশে)।
- বিষয় :
- শিশু
- চিত্র প্রদর্শনী
- লালমাটিয়া
