ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকায় ‘জনবান্ধব স্যানিটেশনের’ দাবিতে তরুণ নেতারা একজোট

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশের গণশৌচাগার দ্রুত সংস্কারের দাবি

ঢাকায় ‘জনবান্ধব স্যানিটেশনের’ দাবিতে তরুণ নেতারা একজোট
×

ডিআরইউতে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলন বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫ | ২০:৫০

রাজধানী ঢাকায় নিরাপদ ও জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে একজোট হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীরা। তারা মনে করেন, ঢাকায় নিরাপদ ও জনবান্ধব স্যানিটেশন উন্নয়ন শুধু স্বাস্থ্য নয়, নাগরিক মর্যাদার প্রশ্নও।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পাশে অবস্থিত গণশৌচাগারটি দ্রুত সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের দাবি জানান।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী ‘ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এ উদ্যোগে অংশ নেন বিভিন্ন দলের তরুণ নেতাকর্মীরা। 

এ সময় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, গত ১৪ আগস্ট ২২৪ জন নাগরিকের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে জমা দেন তারা। স্মারকলিপি জমা দেওয়ার পর দুই মাস পার হলেও এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।

জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি নেওয়ার সময় আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এতদিনেও কাজের অগ্রগতি না থাকায় আমরা উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থা একটি শহরের সভ্যতার মাপকাঠি। অথচ রাজধানী ঢাকায় এর অবস্থা অত্যন্ত নাজুক। তারা গণশৌচাগার সংস্কার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় তারা বেশ কিছু দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে– নগরীর গণশৌচাগার সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণ, নারী ও শিশুদের জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী শৌচাগার, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নতুন গণশৌচাগার স্থাপন এবং কর্তৃপক্ষের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ইনজামুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমী শেখ ও দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া এবং ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আনিকা আনজুম অর্ণি।

আরও পড়ুন

×