বাংলা একাডেমি প্রাঙ্গণে ঐতিহ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাংলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রজতজয়ন্তীর উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ২২:৫৪
বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘ঐতিহ্য বুক কার্নিভ্যাল ২০২৫’ এর বিশেষ আয়োজন ‘ঐতিহ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রজতজয়ন্তীর উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতায় প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এতে শিশু শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ‘ক’ ও ‘খ’ এই দুই বিভাগে অংশ নেয়। শিশুদের সৃজনশীলতা, রং ব্যবহারের দক্ষতা ও বিষয়বস্তুর উপস্থাপন দেখে বিচারকমণ্ডলী মুগ্ধ হন।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মোমেন মিজান ও কারুশিল্পী ও শিশু শিল্প নির্দেশক সাদিয়া শারমিন।
বক্তৃতায় বিচারকরা শিশুদের অঙ্কন দক্ষতা ও বিষয় নির্বাচনের প্রশংসা করে বলেন, আমাদের প্রত্যাশার চেয়েও তোমরা সুন্দর এঁকেছ। আমরা অভিভূত, আমরা আনন্দিত। তোমাদের ভবিষ্যৎ দীপ্তিময় হোক, সেই আশা রাখি।
দুজন বিচারক অংশগ্রহণকারীদের কাজ পর্যালোচনা করে প্রতিটি বিভাগে ১ম থেকে ১০ম স্থান পর্যন্ত বিজয়ীদের নাম ঘোষণা করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট ও সম্মাননা সনদ। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারীকে দেওয়া হয় অংশগ্রহণ সনদ, যা ছোটদের মধ্যে বাড়িয়ে তোলে আনন্দ ও প্রেরণা।
রজতজয়ন্তীর এ বিশেষ আয়োজনে শিশুদের প্রবল অংশগ্রহণ ও তাদের অভিভাবক–শিক্ষকদের সহযোগিতা অনুষ্ঠানটিকে করে তুলেছে আরও সফল এবং প্রাণবন্ত। আমরা আশা করছি আগামী বছরগুলোতেও শিশুদের জন্য এমন সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।
বাংলাদেশে এখন পর্যন্ত একক প্রকাশনা হিসেবে ২ লাখ ৫০ হাজারেরও বেশি পৃষ্ঠার বই ছেপেছে ঐতিহ্য। বুক কার্নিভালে এ বছর ঐতিহ্যের প্যাভিলিয়নে থাকবে ২৫টির বেশি নতুন বই, আড়াই হাজারের বেশি বই ও ২৫টি রচনাবলি এবং সর্বোচ্চ ৭১% পর্যন্ত ছাড়সহ নানা অফার ও উপহার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে—ঐতিহ্য প্রকাশিত রচনাবলির নামমাত্র মূল্যে (মাত্র ৫০ থেকে ৩০০ টাকায়) কেনার সুযোগ।
কার্নিভালে অংশ নিচ্ছে— ইসলামি বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইলহাম’, শিশুতোষ বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘কাকাতুয়া’, বাংলাদেশের ইংরেজি সাহিত্যের প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রিপারমার্ক’ ও নান্দনিক নোটবুক ও বুকমার্ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘নু বুকস বাই নুবাহা’। তাদের বই, নোটবুক ও বুকমার্কেও বিশেষ ছাড় থাকবে। এছাড়াও অংশ নিবে বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’। নির্বাচিত’তে মজুত থাকা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রায় সব প্রকাশনীর বইয়ে থাকবে ৩০% পর্যন্ত ছাড়। মজুত বিদেশি বইয়ে (বাংলা, ইংরেজি) প্রদত্ত মূল্যের উপর ১৫% পর্যন্ত ছাড়ও থাকছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঐতিহ্যের ২৫ বছরের যাত্রায় প্রায় এক হাজারের বেশি লেখক যুক্ত আছেন। এছাড়াও তরুণদের উৎসাহিত করতে তিনশর বেশি লেখকের ১ম বইয়ের প্রকাশকও ঐতিহ্য। লেখকদের সৃষ্টিশীলতা, পরিশ্রম ও মমতায় ঐতিহ্য সমৃদ্ধ হয়েছে। তাই আমাদের সব লেখককে একত্রিত করতে আগামীকাল ১৫ নভেম্বর আমরা আয়োজন করছি ‘ঐতিহ্য রাইটার্স ডে’। এছাড়াও থাকছে ফোক মেহফিল, রিডার্স ক্লাব ডেসহ নানান আয়োজন।
- বিষয় :
- বাংলা একাডেমি
- চিত্রাঙ্কন
