ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপন, স্বল্পচাপ কাটতে আরও সময় লাগবে: তিতাস

ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপন, স্বল্পচাপ কাটতে আরও সময় লাগবে: তিতাস
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ১৬:৩৭

রাজধানীর মিরপুর রোডে বিস্ফোরিত বিতরণ লাইনের ক্ষতিগ্রস্ত ভাল্ভটি নতুন ভাল্ভ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। তবে গ্যাসের স্বল্পচাপ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ শনিবার দুপুরের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস। 

 বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুর রোড এলাকায় ক্ষতিগ্রস্ত ভাল্ভ প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কার্যক্রম চলছে। তবে পুরো নেটওয়ার্কে চাপ স্বাভাবিক হতে কিছুটা সময় প্রয়োজন।

নেটওয়ার্কের ভারসাম্য ফিরিয়ে আনতে সময় লাগতে পারে। এ কারণে সাময়িকভাবে গ্রাহকদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এর আগে তুরাগ নদীর তলদেশ দিয়ে যাওয়া একটি গ্যাস পাইপলাইনে ক্ষতি হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ তৈরি হয়। তিতাস সূত্র জানায়, গত রোববার নদীপথে চলাচলকারী একটি জাহাজের নোঙরের আঘাতে ওই পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই ঢাকার বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহে মারাত্মক ব্যাঘাত দেখা দেয়।

শীতকাল এলেই রাজধানীর অনেক এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ার অভিযোগ থাকে। তার মধ্যে একের পর এক কারিগরি সমস্যায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কোথাও চুলা একেবারেই জ্বলছে না, আবার কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য সামান্য চাপ মিলছে।

এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে হোটেল–রেস্তোরাঁ, বেকারি ও ছোট খাবারের দোকানগুলো। রান্না ব্যাহত হওয়ায় অনেক প্রতিষ্ঠান আংশিকভাবে ব্যাবসা চালাচ্ছে। বাসাবাড়িতে রান্নার বিকল্প হিসেবে কেউ বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন, আবার কেউ বাইরে থেকে খাবার কিনে নিতে বাধ্য হচ্ছেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি সমস্যা পুরোপুরি সমাধানে কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

×