ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কবিতার আবেদন হতে হবে বিশ্বজনীন

কবিতার আবেদন হতে হবে বিশ্বজনীন
×

রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে গতকাল শুক্রবার কাব্যগ্রন্থ ‘রেড স্পার্ক’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা সমকাল

 বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ০৮:০৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১২:২০

| প্রিন্ট সংস্করণ

প্রেম কেবল ব্যক্তিগত আবেগ নয়, বরং এটি রাষ্ট্র ও রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। একইভাবে কবিতার ভাষা যাই হোক, তার আবেদন হতে হবে বিশ্বজনীন।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে কাব্যগ্রন্থ ‘রেড স্পার্ক’-এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানের আলোচক প্যানেলে ছিলেন প্রখ্যাত অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম, শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক শফি আহমেদ, কথাসাহিত্যিক একরাম কবীর। কথাসাহিত্যিক মোজাফফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি কাব্যগ্রন্থটি থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করেন।

সাহিত্য আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক আবদুস সেলিম কবিতার সংজ্ঞা, কবির কল্পনা এবং ভাষাগত জটিলতা নিয়ে বিশ্লেষণধর্মী বক্তব্য দেন। বিখ্যাত কবি টি এস এলিয়টের তত্ত্বের আলোকে তিনি বলেন, কবিতার জন্ম হয় কবির কল্পনা ও অভিজ্ঞতার সম্মিলনে। 

ইংরেজি ভাষায় কবিতা রচনার চ্যালেঞ্জ তুলে ধরে অধ্যাপক সেলিম বলেন, বাংলা ও ইংরেজি ভাষার ছন্দগত কাঠামোর মৌলিক পার্থক্যের কারণে বাঙালি কবিদের জন্য ইংরেজি ছন্দ আয়ত্ত করা কঠিন। তবে আলোচিত কবিতাগুলোর প্রশংসা করে তিনি বলেন, এসব কবিতায় কোনো আঞ্চলিক বা ‘বাঙলিশ’ প্রবণতা নেই; বরং সেগুলো বিশ্বজনীন আবেদন তৈরি করতে সক্ষম হয়েছে।   

আলোচনা সভায় ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর প্রেম, রাষ্ট্র ও ভাষার রাজনীতি নিয়ে তাঁর তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, প্রেম কোনো ব্যক্তিগত বা বিচ্ছিন্ন অনুভূতি নয়; বরং এটি একটি গভীরভাবে রাজনৈতিক ধারণা।  

আলোচনায় অধ্যাপক শফি আহমেদ বলেন, বর্তমানে সামাজিক ভাঙন ও অস্থিরতার প্রেক্ষাপটে ‘রেড স্পার্ক’-এর মতো একটি সৃজনশীল উদ্যোগ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। 

সাহিত্য সভায় সমকালীন কথাসাহিত্যিক ও ব্র্যাক ব্যাংকের কমিউনিকেশনস প্রধান একরাম কবীর কবিতার সহজবোধ্যতা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন। ‘রেড স্পার্ক’ কাব্যগ্রন্থের প্রসঙ্গে তিনি বলেন, বইটির কবিতাগুলো কেবল প্রেমের অনুভূতি নয়, বরং সত্য অনুসন্ধান ও আধ্যাত্মিক ভাবনার প্রতিফলন।

আরও পড়ুন

×