কড়াইল বস্তিতে ফ্রি হার্ট ক্যাম্প উদ্বোধনে জোবাইদা রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪১
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি এলাকায় ‘ফ্রি হার্ট ক্যাম্প’ উদ্বোধন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। সোমবার দুপুরে ঢাকা-১৭ আসনে কড়াইল বস্তির আনসার ক্যাম্প এলাকায় বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে হেলথ ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি হয়।
এই আসন থেকে তারেক রহমান ধানের শীষে নির্বাচন করছেন। ডা. জোবাইদা রহমানকে একনজর দেখা ও নিজেদের সুবিধা-অসুবিধা জানানোর জন্য ক্যাম্পে অনেক লোকসমাগম ঘটে। জোবাইদা রহমান কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। এখানে ভোটার প্রায় ৪৫ হাজার।
ফ্রি হার্ট ক্যাম্পে এলাকাবাসী বিনামূল্য শারীরিক পরীক্ষা করান এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজনে তাদের ওষুধ দেন। পরে জোবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) কার্যালয়ে নারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে চিকিৎসা বিষয়ে পরামর্শ দেন।
- বিষয় :
- জোবাইদা রহমান
