ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকা–১৭

গুলশান এলাকায় ভোটার উপস্থিতি কম

গুলশান এলাকায় ভোটার উপস্থিতি কম
×

গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রের বাইরের চিত্র। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪৫

ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পাঁচটি ভোট কেন্দ্রে (৬৩-৬৭) ভোটার উপস্থিতি ছিল কম। এ কেন্দ্রগুলোতে মোট ভোটারের সংখ্যা ১৪ হাজার ১৭৯। এর মধ্যে সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৬৮০টি। গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা ও শীর্ষস্থানীয় কর্মকর্তা। 

ভোটার উপস্থিতি কমের বিষয়টি জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা। ৬৭ নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু দাউদ সমকালকে বলেন, সকাল থেকে ভোটারের উপস্থিতি কম। ১১টা পর্যন্ত মাত্র ৩০০ এর মতো ভোট পড়েছে। 

এদিকে আরেক প্রিসাইডিং অফিসার গাজী মো. কাওসার সমকালকে বলেন, অভিজাত এলাকা হওয়ায় এখানে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকে। বেলা বাড়ার সঙ্গে ভোটার বাড়বে বলে আশা করেন তিনি।

৬৩-৬৭ কেন্দ্রে সকালে যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়। ভোট কক্ষগুলো ঘুরে দেখা গেছে প্রতিটি কক্ষে বিএনপি এবং জামাতের পোলিং এজেন্ট উপস্থিত আছেন। বাকি অন্য  প্রার্থীর প্রতিনিধিদের কিছু কক্ষে দেখা গিয়েছে। 

নির্বাচনকে কেন্দ্র করে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ এক প্রকার মিলন মেলায় পরিণত হয়েছে। ভোট দিতে এসে প্রতিবেশীদের সঙ্গে গল্পে মেতে উঠেছেন ভোটাররা। এ কেন্দ্রগুলোতে বেশ কিছু বয়স্ক এবং শারীরিকভাবে দুর্বল ও প্রতিবন্ধী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা তাদের ভোটদানের ব্যবস্থা করেছেন। গুলশান মডেল হাই স্কুল অ্যা ন্ড কলেজে নির্বাচন নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করা যায়নি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর– ১৫, ১৮, ১৯ ও ২০ এবং ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা–১৭ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে মোট ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ০৬০ জন রয়েছেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন। এ আসনে মোট ১২৪টি ভোট কেন্দ্র রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বগুড়ার পাশাপাশি এ আসনে নির্বাচন করছেন। এছাড়া এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির স. ম. খালিদুজ্জামান দাঁড়িপাল্লা প্রতীকে, জাতীয় পার্টির আতিক আহমেদ লাঙ্গল প্রতীকে, কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির কামরুল হাসান নাসিম, বাইসাইকেল প্রতীক নিয়ে জাতীয় পার্টি- জেপি এর তপু রায়হান, ময়ূর প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) হয়ে টেলিভিশন প্রতীক নিয়ে এস এম আবুল কালাম আজাদ, ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের মো. শামীম আহমদ, আনারস প্রতীক নিয়ে বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীক নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনজুর হুমায়ুন গতকাল বুধবার তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ায়। এর আগে মোরগ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুন

×