ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধানমন্ডিতে মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

ধানমন্ডিতে মহিলা আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮
×

আওয়ামী লীগের সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৪৬

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাস জব্দসহ এর চালককেও আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আজ শুক্রবার ভোরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁয় সেহরি খান। শেষ করে স্টারের সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন। এ সময় তাদের কাছে ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে চলে যেতে থাকে।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করে। এসময় সাতজন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ ও এর চালককে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন

×